গোয়াইনঘাটে পাহাড়ি ঢলে ফের বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ি ঢলের কারণে আবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
পাহাড়ি ঢলের কারণে আবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের বন্যাকবলিত হয়ে পড়েছে সিলেটের সীমান্ত উপজেলা গোয়াইনঘাটের বিভিন্ন এলাকা। গতকাল বুধবার দিনভর বৃষ্টি হওয়ায় ঢলের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বিভিন্ন সড়ক ডুবে গেছে। এ কারণে সড়কপথে সিলেট জেলা শহরের সঙ্গে গোয়াইনঘাট উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি ঢলের পানি জাফলং এলাকার পিয়াইন নদ ও ডাউকি দিয়ে এলাকায় ঢুকছে। এতে পূর্ব জাফলং, আলীরগাঁও, রুস্তমপুর, লেঙ্গুড়া, তোয়াকুল, নন্দীরগাঁও ও পশ্চিম জাফলং ইউনিয়নের শতাধিক গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। উপজেলার সদরের সঙ্গে জেলা শহরে যাতায়াতের দুটি সড়ক সারী-গোয়াইন ও সালুটিকর-গোয়াইনঘাট সড়ক প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, দুপুরের দিকে গোয়াইনঘাট উপজেলা যাতায়াতের প্রধান দুই সড়কে পানি ওঠে। পানি বাড়তে থাকায় দুপুরের পর থেকে এসব সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, পাহাড়ি ঢলের কারণে বিছনাকান্দি পাথরকোয়ারি থেকে পাথর তোলার কাজ বন্ধ রয়েছে। এতে পাথর তোলার কাজে নিয়োজিত কয়েক হাজার শ্রমিক বেকার হওয়ার উপক্রম হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোয়াইনঘাটে এবারের বর্ষা মৌসুমের শুরুতে এক দফা এবং গত জুলাই মাসের মাঝামাঝি আরেক দফা বন্যাকবলিত হয়। গত মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টি হওয়ায় সকাল থেকে জাফলংয়ের পিয়াইন নদ ও ডাউকি নদী দিয়ে সীমান্তের ওপার থেকে পাহাড়ি ঢল নামা শুরু হয়। সকালের দিকে জৈন্তাপুরের সারী এলাকায় সারী নদীর পানি বেড়ে বাঘের সড়কের মুখ প্লাবিত হয়ে পড়ে। দুপুর ১২টার দিকে ওই সড়কের অন্তত ছয়টি স্থানে পানি উঠেছে। এতে সড়ক দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না।
সড়কসহ আশপাশ এলাকা পরিদর্শন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী জানান, বৃষ্টি অব্যাহত থাকলে পুরো উপজেলা ফের বন্যাকবলিত হয়ে পড়বে।
গতকাল সন্ধ্যার দিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা (ভারপ্রাপ্ত ইউএনও) সহকারী কমিশনার আশরাফ আহমদ জানান, পানি উঠে সড়কের যেসব স্থানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, সেখানে নৌকা দিয়ে মানুষ যাতায়াত করছে। সার্বিক পরিস্থিতি নজরদারি করা হচ্ছে।