গোয়ালন্দে সড়ক ভেঙে ১৩ গ্রাম প্লাবিত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানির চাপে উপজেলার কাটাখালী-তেনাপচা পাকা সড়কের ২০ মিটারের বেশি অংশ ভেঙে ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে।
এ ছাড়া বন্যার্ত মানুষ দেবগ্রামের অন্তারমোড় বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। সেখানে বিশুদ্ধ পানি ও পাকা পায়খানার সমস্যা দেখা দিয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জরুরিভাবে গোয়ালন্দ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণের জন্য ১ লাখ টাকা ও ৭৫ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
দেবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতর আলী সরদার জানান, হঠাৎ তিন দিন ধরে পানি বাড়ায় সড়কটি ঝুঁকির মধ্যে পড়ে। গত বছর বন্যায় কাটাখালী-তেনাপচা সড়কটি একবার ভেঙে যায়। এ বছর মেরামত করা হলেও এবার ঠিক একই স্থানে বুধবার মাগরিবের নামাজের পর ভেঙে যায়। রাতের মধ্যে সড়কের পূর্ব পাশে থাকা সাঈদ মাতুব্বর পাড়া, সাজু মাতুব্বর পাড়া, জয়দেব প্রামাণিক পাড়া, আফজাল বিশ্বাস পাড়া, সোনা মাতুব্বর পাড়া, হাবি ডিলার পাড়া, তোরাই মাতুব্বর পাড়া, নিকবার মোল্লার পাড়া, তারা মাতুব্বর পাড়া, নতুন পাড়া, গুচ্ছগ্রাম পশ্চিম পাড়, বটতলা এলাকাসহ ১৩টি গ্রাম প্লাবিত হয়ে পড়ে। এতে নতুন করে আরও প্রায় ৪ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে।
গতকাল সকালে দেখা যায়, সড়কের ভাঙা স্থানের দুই পাশে থাকা পরিবারগুলো তাদের বাড়ি ও বসতভিটা রক্ষায় ব্যস্ত। ভাঙা স্থানে থাকা রাজ্জাক মোল্লা, আইনদ্দিন মোল্লা ও হিরু শিকদারের পরিবার বসতভিটা রক্ষায় প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশপাশ এলাকার উৎসুক শত শত মানুষ ভাঙা স্থান দেখতে সেখানে ভিড় করেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, উপজেলার চারটি ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ৮৮টি গ্রাম বন্যাকবলিত হয়েছে। এসব গ্রামের প্রায় ২০ হাজার ৫৫০টি পরিবারের ৮২ হাজার ২০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ৫৯৯ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. সহিদুল ইসলাম জানান, ‘বন্যার পানির চাপে বুধবার সন্ধ্যার পর দেবগ্রাম ইউনিয়নের কাটাখালী ভায়া তেনাপচা আশ্রয়কেন্দ্র পাকা সড়কের তেনাপচা এলাকায় ২০ মিটারের বেশি অংশ ভেঙে পানি ঢুকেছে। বুধবার দুপুরে সরেজমিন দেখার পর সড়ক রক্ষা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু এখন আমাদের করার কিছুই নেই।’ তিনি আরও জানান, এ পর্যন্ত উপজেলার প্রায় ২৮টি পাকা সড়ক তলিয়ে যাওয়ায় ৪০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।