গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে 'চরমপন্থী' আতঙ্ক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অধিকাংশ এলাকা দুর্গম চরাঞ্চলে। চারদিক নদীবেষ্টিত হওয়ায় দেবগ্রাম ইউনিয়নের বেতকা, রাখালগাছি, মধ্য কাওয়ালজানি, উত্তর কাওয়ালজানি, দক্ষিণ কাওয়ালজানি, দেবগ্রাম ও বেথুরী এলাকা অনেকটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। যেখানে বাস করে আট থেকে নয় হাজার পরিবার।
দেবগ্রাম ইউনিয়ন পরিষদের তথ্যমতে, ইউনিয়নের ২০টির মধ্যে অনেক আগেই ১০টি মৌজা নদীতে বিলীন হয়েছে। বাকি ১০টির মধ্যে বেতকা, রাখালগাছি, মধ্য কাওয়ালজানি, উত্তর কাওয়ালজানি, দক্ষিণ কাওয়ালজানি, দেবগ্রাম ও বেথুরী (আংশিক) মৌজা নদীবেষ্টিত। এসব এলাকায় পৌঁছাতে নদীপথে ইঞ্জিনচালিত নৌকায় এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে। দুর্গম এলাকা হওয়ায় চরমপন্থীরা হত্যা, ডাকাতি, লুটসহ নানা অপরাধমূলক কাজ করলেও ভয়ে কেউ মুখ খোলেন না এখানে। এর উত্তর-পূর্ব দিকে মানিকগঞ্জের শিবালয়, দক্ষিণ-পশ্চিম দিকে পাবনার চরমপন্থী-অধ্যুষিত ঢালার চর। এসব অঞ্চলের সন্ত্রাসীরা অপরাধমূলক কাজ করে অনেকটা নিরাপদেই এখানে অবস্থান করে। অনেক সময় এখানে নানা অপকর্ম করে সটকে পড়ে। যোগাযোগব্যবস্থা খারাপ থাকায় সহজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাতে পারে না। ফলে আতঙ্কে দিন কাটাতে হয় এসব অঞ্চলের লোকজনকে।
রাখালগাছির কুব্বাত মণ্ডল (৬৫) বলেন, ‘বিপদে পড়ে এখানে বাস করি। জমিজমা না থাকায় বাধ্য হয়ে এখানকার জমি আবাদ করে জীবন চালাই। এসব অঞ্চলে মাঝেমধ্যে অচেনা যুবকদের আনাগোনা দেখা যায়। ভয়ে কেউ কিছু জিজ্ঞেস করেন না।’ স্থানীয় হানিফ প্রামাণিক, আলেয়া বেগম, মণি প্রামাণিকসহ অনেকে প্রায় একই ধরনের সমস্যার কথা জানান।
১৩ মে রাখালগাছি চরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকা বাহিনীর দুজন সদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ৬০টি গুলিসহ ৪টি আগ্নেয়াস্ত্র জব্দ করে।
স্থানীয় ১ নম্বর ওয়ার্ড ইউপির সদস্য হাসমত আলী খান কয়েক বছর ধরে রাজবাড়ী শহরে বসবাস করছেন। তিনি বলেন, গোয়ালন্দ শহর থেকে প্রায় ৮-৯ কিলোমিটার সড়কপথ পার হয়ে নদীপথে নৌকায় এক-দেড় ঘণ্টা লাগে রাখালগাছি ও বেতকা পৌঁছাতে। দুর্গম অঞ্চল বলে সব সময় অপরাধীদের আনাগোনা থাকে এখানে। এখানে পাঁচ শতাধিক পরিবারের বাস।
গত ১৯ এপ্রিল দেবগ্রাম ইউনিয়নের চর বাগাবাড়ি বালুরচর থেকে দেলোয়ার হোসেন ওরফে দিলু (৩০) নামের একজনের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় চর দেলন্দি গ্রামের বেলায়েত ব্যাপারীর ছেলে। আগের দিন রাতে নদীতে মাছ ধরার সময় নৌকায় শিশু সন্তানের সামনে থেকেই সন্ত্রাসীরা তাঁকে তুলে নিয়ে যায়। পুলিশের দাবি, দিলুও চরমপন্থীদের সঙ্গে জড়িত ছিলেন।
এর আগে গত ২৯ মার্চ রাতে চরমপন্থীরা কাওয়ালজানি গ্রামে ঢুকে দোকানি রাসেল ব্যাপারীকে (২৮) স্ত্রী ও সন্তানের সামনেই বেদম মারপিট করে। টেলিভিশন, ফ্রিজসহ মালামাল ভেঙে ফেলে। গ্রামপাহারাদার এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁকেও পেটায়। চরমপন্থীরা গ্রামের নাজিম উদ্দিন খাঁকে রড ও লাঠি দিয়ে বেদম মারপিট করে। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে বৃদ্ধ কুদ্দুস মোল্লাকেও পিটিয়ে আহত করা হয়। আরেক ঘটনায় স্থানীয় ইউপি সদস্য লোকমান খাঁর ছেলে রেজাউলকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। সে সময় কয়েকটি ফাঁকা গুলিও ছোড়ে সন্ত্রাসীরা।
ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার বলেন, ইউনিয়নের অধিকাংশ লোক বিপদের মধ্যে থাকেন। কখন কার ওপর বিপদ নেমে আসবে কেউ বলতে পারেন না। অনেক কিছু জেনেও কিছু বলতে সাহস পান না তাঁরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে আরও বিপদ নেমে আসে।
এসব ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ দাবি করেন, এখন দেবগ্রাম অঞ্চলে আতঙ্ক নেই। পুলিশের নিয়মিত অভিযানে সন্ত্রাসীরা গ্রেপ্তার-আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছে।
পুলিশ সুপার সালমা বেগম বলেন, ‘চরাঞ্চলে যেমন বাড়তি নজরদারি রয়েছে, তেমন উদ্বেগও আছে। মাঝেমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। নিজে কয়েকবার অভিযানে অংশ নিয়েছি। এলাবাসীকে আতঙ্কিত না হতে আশ্বস্ত করেছি। যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার নিচ্ছি, আরও নেওয়া হবে। যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় এসব এলাকায় দ্রুত পৌঁছাতে সময় লাগে।’