ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত সাড়ে ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে দুই শতাধিক যান নিয়ে ১০টি ফেরি আটকা পড়ে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাট দুটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত ১১ থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। নিরাপত্তার কথা চিন্তা করে মাঝনদীতে থাকা ১০টি ফেরি ১১ ঘণ্টা যাত্রাবিরতি করে। এরপর কুয়াশা কাটলে ফেরিগুলো গন্তব্যে রওনা হয়। এসব ফেরিতে দুই শতাধিক যান ছিল।
ফেরিগুলোর একাধিক যাত্রী জানান, ঘন কুয়াশার কারণে সাড়ে ১১ ঘণ্টা মাঝনদীতে ১০টি ফেরি আটকা পড়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। শিমুলিয়া ঘাটে কমপক্ষে ৩০০ ও কাওড়াকান্দি ঘাটে শ খানেক যান আটকা পড়ে।
যাত্রী ফিরোজ আহমেদ গতকাল শুক্রবার সকালে বলেন, ‘শুক্র-শনি দুই দিন ছুটি থাকায় গ্রামের বাড়ি ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে রাতেই রওনা হই। কিন্তু শিমুলিয়া ঘাটে এসে ঘন কুয়াশায় কোনো ফেরি না ছাড়ায় আটকা পড়ি। সারা রাত শীত আর দুর্ভোগে বাড়ি ফেরার আনন্দ ভোগান্তিতে পরিণত হয়েছে।’
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহব্যবস্থাপক চন্দ্র শেখর রায় জানান, গতকাল শুক্রবার হওয়ায় গাড়ির চাপ একটু বেশি থাকায় যানজট হয়।