ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যাহত
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত দুই দফা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে সাতটি ফেরি আটকা পড়ে। এতে দুর্ভোগ পোহায় দেড় সহস্রাধিক যাত্রী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয় থেকে জানানো হয়, গতকাল দিবাগত রাত থেকে ঘন কুয়াশা পড়তে থাকে। এতে ফেরি, লঞ্চসহ অন্য নৌযানের চলাচল ব্যাহত হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাও বাড়তে থাকে। দুর্ঘটনার আশঙ্কায় দিবাগত রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে আসা সাতটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে।
কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আটকা পড়া ফেরিগুলোতে অন্তত ৬০টি গাড়ি ছিল। ছিল প্রায় দেড় হাজার যাত্রী। ঘন কুয়াশা ও তীব্র শীতে যাত্রীরা ব্যাপক দুর্ভোগ পোহায়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, আজ ভোররাত পৌনে চারটার দিকে কুয়াশা কমতে থাকে। এরপর ফেরি চলাচল শুরু হয়। ঘন কুয়াশার কারণে সকাল সাতটার দিকে ফেরি চলাচল আবার বন্ধ হয়ে যায়। এরপর সকাল আটটার দিকে আবার ফেরি চলাচল শুরু হয়।