ঘন কুয়াশায় বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া এবং রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল মঙ্গলবার রাত থেকে বেশ কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। আজ বুধবার সকাল সাড়ে আটটার পর এসব নৌপথে ফের ফেরি চলাচল শুরু হয়। ঘাট ব্যবস্থাপকদের সূত্রে এই তথ্য জানা গেছে।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, গতকাল রাত বাড়ার সঙ্গে নৌপথে কুয়াশা বাড়তে থাকে। দিবাগত রাত ১২টার দিকে কুয়াশার মাত্রা অনেক বেড়ে যায়। ফলে ফেরির চালকেরা মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে পাচ্ছিলেন না। এ অবস্থায় ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। যানবাহন নিয়ে মাঝনদীতে আটকা পড়ে তিনটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় তীব্র শীতে ভোগান্তির শিকার হয় যাত্রীরা।

বিআইডব্লিউটিসির মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবদুল আলিম বলেন, দিবাগত রাত ১২টার পর হঠাৎ কুয়াশার তীব্রতা বেড়ে যায়। ফলে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়।

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথেও কয়েক ঘণ্টা সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, গতকাল রাত ১০টা থেকে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। আজ সকাল ৮টা ৫৫ মিনিট থেকে আবার নৌযান চলাচল শুরু হয়েছে। নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েছে।