ঘন কুয়াশায় সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে আটকা পড়ে নয়টি ফেরি। ঘাটে নোঙর করে রাখা হয় আরও তিনটি ফেরি। ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগের শিকার হতে হয় বিভিন্ন ধরনের যানবাহনের চালক ও যাত্রীদের।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট কার্যালয় থেকে জানা গেছে, কুয়াশার কারণে সোমবার দিবাগত রাত দুইটার দিকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মাঝনদীতে দেড় শতাধিক যানবাহন নিয়ে নয়টি ফেরি আটকা পড়ে। শিমুলিয়া ঘাটে নোঙর করে রাখতে হয় তিনটি ফেরিকে। গতকাল সকাল নয়টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।