
ঘরবাড়িতে বন্যার পানি ওঠায় শেরপুরের সদর উপজেলার বন্যাকবলিত কুলুরচর ব্যাপারিপাড়া গ্রামবাসী চরম ভোগান্তি পোহাচ্ছেন। বন্যাকবলিত হওয়ার চার দিন পরও তাঁরা কোনো ত্রাণ পাননি।
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, কুলুরচর ব্যাপারিপাড়া গ্রামটি সদর উপজেলার একেবারে শেষ প্রান্তে। গ্রামটির উত্তর ও দক্ষিণ উভয় দিকেই ব্রহ্মপুত্র নদ। গ্রামটি অনেকটা দ্বীপের মতো। এ গ্রামে তিন শতাধিক পরিবারের আড়াই হাজার লোকের বাস। তাঁদের কোনো ফসলি জমি নেই। কর্মক্ষম অধিকাংশ মানুষই খুদে ব্যবসা, চা বিক্রি, গাভি পালন, দিনমজুরের কাজ করে বা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রতিবছরই এই গ্রামের মানুষ ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনের শিকার হন। কিন্তু এবার ভাঙনের সঙ্গে যোগ হয়েছে বন্যা।
চার দিন আগে ব্রহ্মপুত্র নদের পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গ্রামটির অধিকাংশ ঘরে পানি উঠেছে। কোনো কোনো ঘর ছয়-সাত ফুট পর্যন্ত পানিতে তলিয়ে আছে। ঘরে পানি ওঠায় ওই গ্রামের অন্তত ২৫টি পরিবার কুলুরচর ব্যাপারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। ফলে এ গ্রামের মানুষ অসহায় হয়ে পড়েছেন। বন্যার কারণে তাঁদের আয়ের পথ প্রায় বন্ধ হয়ে গেছে।
গত বৃহস্পতিবার কুলুরচর ব্যাপারিপাড়া গ্রামে গেলে গ্রামবাসী এ প্রতিনিধিকে ঘিরে ধরেন। সরকারি লোক মনে করে ত্রাণের আশায় তাঁরা তাঁদের নাম লেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। এ সময় অনেকে ত্রাণ চাইতে থাকেন। পরে পরিচয় দিলে তাঁরা শান্ত হন এবং এ প্রতিনিধির মাধ্যমে সরকারের কাছে ত্রাণের দাবি জানান।
এ সময় কুলুরচর ব্যাপারিপাড়া গ্রামের বন্যাকবলিত জহিমা বেগম বলেন, ‘প্রতিবছর নদী আমাগো ঘরবাড়ি ভাইঙ্গ্যা নিয়া যায়। এইবারও নিছে। কিন্তু অহন ভাঙ্গনের সঙ্গে শুরু হইছে বন্যা। বন্যায় ঘরবাড়ি তলাইয়া গ্যাছে। ঘরে থাকনের অবস্থা নাই। তাই স্কুলের মাঠে স্বামী-সন্তান নিয়া আশ্রয় নিছি। কোনো সাহায্য পাই নাই।’
কুলুরচর ব্যাপারিপাড়া গ্রামের দরিদ্র রিকশাচালক মো. শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘চার দিন যাবৎ বন্যা দেখা দিছে। বন্যা শুরুর পর ৪০-৫০টি ঘর নদীতে ভাইঙ্গ্যা গেছে। প্রায় প্রতিটি ঘরেই পানি উঠছে। এখন লোকজন স্কুলঘরসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিছে। বর্তমানে তাঁরা খেয়ে না খেয়ে দিনযাপন করছেন। বন্যার ফলে নলকূপগুলো অকেজো হইয়া পড়ছে। এখন আমাদের খাওয়ার পানির খুব অভাব। আমরা কোনো ধরনের সাহায্য পাই নাই। এলাকার মেম্বারকে বইলাও কোনো কাজ হইতাছে না।’
চরপক্ষীমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মো. আবু জাফর বলেন, হুইপ আতিউর রহমান গত বৃহস্পতিবার বিকেলে বন্যাকবলিত গ্রামটি পরিদর্শন করেছেন এবং দুর্গত ব্যক্তিদের সাহায্য প্রদানের আশ্বাস দিয়েছেন।
সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, অগ্রাধিকার ভিত্তিতে তালিকা তৈরি করে কুলুরচর ব্যাপারিপাড়া গ্রামের বন্যাকবলিত মানুষকে বিশেষ ত্রাণ সহায়তা প্রদান করা হবে।