ঘরে পানি, চৌকিতে চুলা বসিয়ে রান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরে ঢুকেছে পানি। চৌকির ওপর চুলা বসিয়ে রান্না সারছেন এক গৃহবধূ।  ছবিটি গতকাল বেলা দেড়টায় চট্টগ্রাম নগরের আগ্রাবাদের বেপারিপাড়ার প্রফেসর কলোনি থেকে তোলা l জুয়েল শীল
ঘরে ঢুকেছে পানি। চৌকির ওপর চুলা বসিয়ে রান্না সারছেন এক গৃহবধূ। ছবিটি গতকাল বেলা দেড়টায় চট্টগ্রাম নগরের আগ্রাবাদের বেপারিপাড়ার প্রফেসর কলোনি থেকে তোলা l জুয়েল শীল

পুরো কলোনি পানিতে থই থই। বসতঘরের ভেতরেও পানি। একটি ঘরে চৌকিতে মাটির চুলা বসিয়ে রান্না সারছিলেন গৃহবধূ হাসিনা বেগম। চৌকিতে চুলার পাশে ওয়ার্ডরোব তার ওপর টেলিভিশন। পাশে তাঁর চার বছরের মেয়ে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের বেপারিপাড়ার প্রফেসর কলোনিতে দেখা যায় ভোগান্তির এই চিত্র।

হাসিনা বেগম প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতার কারণে প্রায় সময় এই বিপাকে পড়তে হয় তাঁকে। ভারী বৃষ্টি হলেও পানি ঢুকে, প্রায় সময় জোয়ারেও ঘর তলিয়ে যায়। তাই বিকল্প হিসেবে মাটির চুলা রেখেছেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, তাঁদের কষ্ট দেখার কেউ নেই।

ভারী বৃষ্টিতে গতকাল পোর্ট কানেকটিং (পিসি) সড়ক, দুই নম্বর গেট, ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, বাকলিয়া, চকবাজার, শান্তিবাগ ও বড়পোল এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তবে বৃষ্টি থামার পর কোথাও আধা ঘণ্টা থেকে দুই ঘণ্টার মধ্যে পানি নেমে গেছে। তবে নানা কাজে বের হওয়া লোকজন পড়েন কষ্টে।

পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর সোমবার সন্ধ্যা ছয়টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রামে ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় আরও দু-এক দিন ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ নুর মোহাম্মদ।

গত সোমবারও ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এর আগে গত ৪ ও ২১ এপ্রিল, ৩১ মে ও ১২ জুন প্রবল বৃষ্টিতে নগরের বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

বৃষ্টিতে গতকালও ডুবে যায় নগরের আগ্রাবাদের এক্সেস রোড। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত এই সড়কে যানবাহন চলাচল কার্যত বন্ধ ছিল। শুধু রিকশা চলতে দেখা গেছে। স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়েছে লোকজনকে। তবে রাস্তার অবস্থা খারাপ হওয়ায় অনেকে হেঁটে রওনা দেন। তাঁদের একজন চাকরিজীবী শামীমা সুলতানা। তিনি প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতার কারণে ভোগান্তির শেষ নেই। রিকশা করে যাব তারও উপায় নেই। কেননা রাস্তাটির অনেক জায়গায় ছোট-বড় একাধিক গর্ত। এসব গর্তে পড়ে রিকশা উল্টে যাত্রীরা পানিতে পড়ে যায়। তাই বিপদ এড়াতে রিকশার পরিবর্তে হেঁটেই কর্মস্থলে যাচ্ছেন।

জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন নগরের বাকলিয়ার ডিসি রোড এলাকার আব্দুল লতিফ বাই লেনের বাসিন্দা ব্যবসায়ী এস এম জিয়াউল হেলাল। গতকাল তাঁর ভবনের সামনে ও রাস্তায় পানি ওঠে। তিনি প্রথম আলোকে বলেন, অল্প বৃষ্টিতেই রাস্তাঘাটে পানি জমে যায়। জোয়ার থাকলে তো ভোগান্তির শেষ থাকে না। অনেক সময় বিল্ডিংয়ের নিচতলায় পানি ঢুকে। তখন বাসা থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, বৃষ্টিতে মঙ্গলবারও নগরের অনেক এলাকা দুই ঘণ্টার মতো জলাবদ্ধ ছিল। তবে জোয়ার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সকালে পানিও নেমে যায়।