
সুন্দরবনের শ্যালা নদীতে গত বছরের ৯ ডিসেম্বর সাড়ে ৩ লাখ লিটার ফার্নেস তেলবাহী কার্গোডুবির পর দেশি-বিদেশি বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছিলেন, সুন্দরবনের ভেতর দিয়ে নৌযান চলাচল বন্ধ করতে হবে। তবে এখনো তা হয়নি। বিকল্প পথ হিসেবে মংলা-ঘষিয়াখালী চ্যানেলও চালু হয়নি।
অবশ্য ওই দুর্ঘটনার এক বছর পর এখন শ্যালা নদী ও সংলগ্ন খালগুলোর পানির মান স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। সেই সঙ্গে বনের কাদায় থাকা প্রাণী ও খাদ্যচক্রের প্রাথমিক স্তর অর্থাৎ উদ্ভিদকণা ও ক্ষুদ্র জীবকণার পরিমাণও হয়ে উঠেছে স্বাভাবিক। পরিবেশ অধিদপ্তর পানির মানের উন্নতির চিত্র তুলে ধরেছে। আর আন্তর্জাতিক পরিবেশ সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) গবেষণায় কাদার প্রাণিকুল এবং উদ্ভিদ ও ক্ষুদ্র জীবকণার উন্নতির চিত্র উঠে এসেছে। অর্থাৎ ওই দুর্ঘটনার ক্ষতি কাটিয়ে উঠছে সুন্দরবন।
ওই কার্গোডুবির পর সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটিতে থাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক দিলীপ দত্ত বলেন, ‘সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি দিয়ে আমরা শুরুতেই বলেছিলাম, এর পানিতে রাসায়নিক প্রভাব বেশি হবে না।
প্রভাবটা ব্যবস্থাপনাগত। সেই ব্যবস্থাপনারই কোনো উন্নতি হয়নি। আমাদের প্রথম পরামর্শ মংলা-ঘষিয়াখালী চ্যানেল আজও চালু হয়নি। নিজস্ব বৈশিষ্ট্যের কারণেই সুন্দরবনের দূষণ কমেছে।’
শ্যালা নদীর তীরের কাছাকাছি জয়মনির ঘোলে থাকা ফার্নেস তেলবাহী কার্গো ওটি সাউদার্ন স্টারকে গত বছরের ৯ ডিসেম্বর ভোর চারটায় ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা এমটি টোটাল নামের কার্গো। ঘটনাস্থলেই ওটি সাউদার্ন স্টার ডুবে যায়। ফার্নেস তেল ছড়িয়ে পড়ে দ্রুত। ডলফিনসহ জলজ প্রাণীর ক্ষতি হয়। সরকারের আহ্বানে ২২ ডিসেম্বর জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল সুন্দরবনে আসে। চলতি বছরের জানুয়ারি মাসে তাদের প্রতিবেদনে দুর্ঘটনার সীমিত প্রভাবের কথা জানালেও দীর্ঘ মেয়াদে ক্ষতির আশঙ্কার কথা জানানো হয়। সুন্দরবনের ভেতর দিয়ে নৌ-চলাচল দ্রুত বন্ধের সুপারিশও করা হয়।
দুর্ঘটনার পর ১১ ডিসেম্বর থেকে শ্যালা নদীতে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। নাব্যতা সংকট থাকায় মংলা-ঘষিয়াখালী নৌপথটি চালু করা যায়নি। বিকল্প কোনো পথ না থাকায় পণ্যবাহী পাঁচ শরও বেশি জাহাজ আটকে যায়। মংলা সমুদ্রবন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়। ফলে সরকারি সিদ্ধান্তে ৭ জানুয়ারি থেকে শ্যালা নদী দিয়ে আবার চালু হয় নৌযান চলাচল। তবে সীমিত আকারে ও দিনের বেলায়। ছয় মাসের মধ্যে মংলা-ঘষিয়াখালী চ্যানেল খনন করে চালু করে শ্যালা নদীর পথ স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানানো হয়। কিন্তু মার্চে রাতেও নৌযান চলাচল শুরু হয়। ৬ এপ্রিল এ পথে তেলবাহী কার্গো চলাচলের অনুমতি দেয় নৌপরিবহন মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার শ্যালা নদীতে গিয়ে দেখা যায়, সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ৩০টি নৌযান এই পথে চলাচল করেছে। তার মধ্যে তেলবাহী জাহাজসহ বিভিন্ন ধরনের পণ্যবোঝাই লাইটার জাহাজ ছিল। জয়মনির ঘোল এলাকার মাঝি আবু সাইদ শেখ বলেন, ‘এ পথ দিয়ে নৌযান চললে দুর্ঘটনা তো ঘটবেই।’

এদিকে জুনে শেষ হওয়ার কথা থাকলেও ২৪০ কোটি টাকা ব্যয়ে বিকল্প পথ মংলা-ঘষিয়াখালী চ্যানেলের খননকাজ চলতি ডিসেম্বরেও শেষ হয়নি। জানতে চাইলে বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ‘শুধু খনন করে এই চ্যানেলের নাব্যতা ধরে রাখা যাচ্ছে না। এই চ্যানেলকে কার্যকর রাখতে হলে খননের সঙ্গে চ্যানেল-সংশ্লিষ্ট খালগুলো অবমুক্ত করা এবং জোয়ার অববাহিকা নির্মাণ করা প্রয়োজন।’
পানি ও প্রাণিকুলের অবস্থার উন্নতি: পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় গত বছরের ৯ ডিসেম্বরের পর থেকেই দুর্ঘটনাস্থল এবং এর আশপাশের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে থাকে। অধিদপ্তরের পরিচালক মল্লিক আনোয়ার হোসেন বলেন, মোট ২৫টি এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়। তবে পানির গুণগত মানের উন্নতি হওয়ায় গত নভেম্বর পর্যন্ত ছয়টি এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পরদিনই সেখানকার প্রতি লিটার পানিতে দ্রবীভূত অক্সিজেনের (ডিও) পরিমাণ ছিল ৫ দশমিক ৬ মিলিগ্রাম। পানিতে জীবের জীবনধারণের জন্য অন্তত ৫ মিলিগ্রাম অক্সিজেন থাকতে হয়। গত মাসের শেষ সপ্তাহ নাগাদ এর পরিমাণ ৬ থেকে ৭ দশমিক ২ মিলিগ্রাম দাঁড়ায়।
শ্যালা নদীর যেখানে কার্গোডুবি ঘটেছিল, ১৪ ডিসেম্বর সেখানে অয়েল অ্যান্ড গ্রিজ পাওয়া যায় ২২ দশমিক ৫ মিলিগ্রাম। জানুয়ারিতে সেখানে অয়েল অ্যান্ড গ্রিজের পরিমাণ ছিল দশমিক ৮ শতাংশ। অধিদপ্তরের রসায়নবিদ এস এম শরিফুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘ফেব্রুয়ারি থেকে দুর্ঘটনাস্থলের পানিতে অয়েল ও গ্রিজের কোনো অস্তিত্ব খুঁজে পাইনি আমরা।’
আইইউসিএনের সহযোগিতায় দুর্ঘটনার পর পানির গুণাগুণ এবং জলজ প্রাণিকুলের ওপর গবেষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক নিয়ামুল নাসের। ছয়টি জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয় গবেষণায়। ওই গবেষণায় দেখা যায়, দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থলের আশপাশে প্রতি বর্গমিটার কাদায় প্রাণিকুলের সংখ্যা শূন্যে নেমে আসে। দুর্ঘটনার পর চার দফায় চলে পর্যবেক্ষণ। সর্বশেষ জরিপ চলে অক্টোবরে। সেখানে দেখা যায়, প্রতি বর্গমিটারে ৩০ থেকে ৪০টি প্রাণীর অস্তিত্ব। নিয়ামুল নাসের বলেন, এটিকে স্বাভাবিক বলা যায়। এ ধরনের জোয়ার-ভাটার বনে তেলের প্রভাব দ্রুত চলে গেছে। এর কারণ প্রাকৃতিক।’