ঘাগড়া-কাপ্তাই সড়কে ৩০ ফুট ধস, যান চলাচল বন্ধ

রাঙামাটি-ঘাগড়া-কাপ্তাই সড়কে গতকাল শুক্রবার সকাল থেকে আবারও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ছড়ার স্রোতে সড়কের কুকিমারা এলাকায় প্রায় ৩০ ফুট অংশ ধসে যায়। গত ১৩ জুন সড়কের একই স্থানে ভাঙন দেখা দিয়েছিল। সড়কের ভাঙন ঠেকাতে দুই মাসেও কোনো ব্যবস্থা না নেওয়ায় এমন বিপর্যয় ঘটেছে বলে মনে করছেন যাত্রী ও যানবাহন চালকেরা।
রাঙামাটি শহর থেকে ২৬ কিলোমিটার দূরে কাপ্তাই সড়কের কুকিমারা এলাকার অবস্থান। গতকাল বিকেলে ওই এলাকায় গিয়ে দেখা যায়, সড়কটির ৩০ ফুট অংশ বিলীন হয়ে গেছে। এতে সড়কের ধসে যাওয়া অংশের দুইপাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। যাত্রীরা ভাঙন স্থানটি হেঁটে পার হয়ে আরেকটি যানবাহনে উঠছেন।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, রাঙামাটিতে ১৩ জুন পাহাড়ধসের ঘটনায় তিনটি প্রধান সড়কের ১৪৫টি স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে। এর মধ্যে ১৪ কিলোমিটার দীর্ঘ ঘাগড়া-কাপ্তাই সড়কের ১৯টি স্থানে ভেঙে যায়। পাহাড়ধসে ১১ দিন বন্ধ থাকার পর ঘাগড়া-কাপ্তাই সড়ক ২৪ জুন হালকা যানবাহন চলাচলের জন্য উপযোগী করা হয়।
যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাঙামাটি-ঘাগড়া-কাপ্তাই সড়কের কুকিমারা এলাকায় ভাঙনরোধে গত ১৩ জুনের দুই মাস পরও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সওজ। গতকাল সকাল আটটার দিকে হঠাৎ সড়কের বড় একটি অংশ ধসে পড়ে। এরপর থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কুকিমারা এলাকার স্থানীয় বাসিন্দা নিশি কুমার চাকমা প্রথম আলোকে বলেন, ‘দুই মাস আগে সড়কে যখন ভাঙন ধরেছিল তখন থেকেই আমরা ব্যবস্থা নেওয়ার জন্য মেম্বার, চেয়ারম্যানদের বলেছি। তাঁরাও প্রশাসনকে জানিয়েছেন। কিন্তু কোনো কাজ হয় নাই। আমাদের অনুরোধ কেউ আমলে নেয়নি। পানিনিষ্কাশনের জন্য কোনো নালা না থাকায় ছড়ার পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে পানির স্রোতে সড়কের ক্ষয় বেড়েছে। এখানে অবশ্যই সড়ক ও জনপথ বিভাগের গাফিলতি ছিল।’
ঘাগড়া-কাপ্তাই সড়কের অটোরিকশাচালক রূপায়ণ তঞ্চঙ্গ্যা বলেন, ‘দুই মাস হয়ে গেল কিন্তু সড়ক ও জনপথ বিভাগ কোনো কাজ করেনি। অটোরিকশা চলাচলের জন্য আমরা চালকেরা বেশ কিছু স্থান স্বেচ্ছাশ্রমে সড়কের মেরামত করেছি। কিন্তু কুকিমারা ছড়া এলাকা ভাঙনটি ছিল অনেক বড়। সড়কের বিশাল অংশ এখন বিলীন হয়ে গেছে।’
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঘাগড়া-কাপ্তাই সড়কে আমরা সংস্কার কাজ শুরু করে দিয়েছি। কুকিমারা এলাকায় সড়কের ধসে যাওয়া অংশও মেরামতের কাজ চলছে। সারা দিন কাজ করার পরও সড়ক মেরামত করতে পারিনি। আগামীকাল (আজ) সারা দিন কাজ করলে হালকা যানবাহন চলাচলের জন্য উপযোগী করা যাবে। আসলে সব কটি সড়কে ভাঙন সৃষ্টি হয়েছে। কোনটি ফেলে কোনটি মেরামত করব ভেবে পাচ্ছি না আমরা। জনবল কম হওয়ায় এক সঙ্গে এত কাজ করা সম্ভব নয় আমাদের পক্ষে।’