ঘূর্ণিঝড় 'কায়ান্টের' গতিপথ বাংলাদেশের দিকে নয়
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ সামান্য পশ্চিম, দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশের দিকে নয় বলে জানান চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কায়ান্ট গতকাল বুধবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে; কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে; মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম, দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
গতকাল বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঘূর্ণিঝড় কায়ান্টের গতিপথের যে চিত্র দেওয়া হয়েছে, তাতে দেখা যায়, এটি ভারতের অন্ধ্র প্রদেশের দিকে অগ্রসরমাণ। নতুন করে গতিপথ পরিবর্তন না হলে ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কায়ান্টের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় গতকাল বিকেলে হালকা বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন।