ঘূর্ণিঝড় 'রোয়ানু' : চট্টগ্রামে সরকারি কর্মীদের ছুটি বাতিল
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ জন্য সরকারি সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এতে পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ বিভাগ, রেড ক্রিসেন্ট, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আনসার-ভিডিপিসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী হাকিম তাহমিলুর রহমান ছুটি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলার প্রাথমিক প্রস্তুতি হিসেবে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। শুকনো খাবারও প্রস্তুত আছে। বেতারকেও ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা প্রচার করার জন্য বলা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে এবং যোগাযোগের নম্বর হচ্ছে ০১৮১৭৬৩৯১৮০।
তাহমিলুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের সংকেত বাড়লে তখন দুর্যোগপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হবে।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন: