উপড়ে পড়া গাছচাপায় দুজনের মৃত্যু

ঘূর্ণিঝড় ‘কোমেন’-এর প্রভাবে সৃষ্ট ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে কক্সবাজারের সেন্ট মার্টিন ও পটুয়াখালীর গলাচিপায় দুজনের মৃত্যু হয়েছে।
আমাদের টেকনাফ প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় ‘কোমেন’-এর প্রভাবে সৃষ্ট ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে মো. ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে এই ঘটনা ঘটে। ঝড়ে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার এই মৃত্যু ও ঘরবাড়ি বিধ্বস্তের খবর নিশ্চিত করে বলেছেন, ঝোড়ো বাতাসে দ্বীপের বেশ কিছুসংখ্যক নারকেলগাছ উপড়ে পড়েছে। তবে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পটুয়াখালীতে একজনের মৃত্যু: ঘূর্ণিঝড় ‘কোমেন’-এর প্রভাবে সৃষ্ট ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে জেলার গলাচিপায় এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম মো. নুরুল ইসলাম ফকির (৫২)।
আমাদের গলাচিপা প্রতিনিধি জানান, কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণ কলস গ্রামে বেলা ১১টার দিকে গাছের নিচে চাপা পড়েন নুরুল ইসলাম। দুপুর ১২টার দিকে তাঁকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তিনি মারা যান। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন...
সেন্ট মার্টিনে গাছচাপায় একজনের মৃত্যু