ঘূর্ণিঝড়ে শতাধিক ঘর লন্ডভন্ড

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঘূর্ণিঝড়ের আঘাতে শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার আকানগর গ্রামে এ ঘটনা ঘটে। এতে ৬০টি পরিবার গৃহহারা হয়ে পড়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর গ্রামের দাস পাড়ায় একটি ঘূর্ণিঝড় আঘাত করে। ১০ মিনিটের ঝড়ে হতদরিদ্র প্রায় ৬০টি পরিবারের শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত ও ৫০০ গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ঘূর্ণিঝড় এলাকা পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ইউএনও মোহাম্মদ শওকত ওসমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ষাট বস্তা চাল, শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করা হয়।
সরেজমিনে আকানগর গ্রামে দেখা গেছে, ঘূর্ণিঝড়ের আঘাতে বিধ্বস্ত হয়েছে ছোট-বড় শতাধিক কাঁচা ঘর। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছে। শুক্রবার সকাল থেকেই ঘরের মেরামত শুরু করেছেন কয়েকজন। গাছের ভাঙা ডালপালা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
মামুন মিয়া বলেন, ‘১০ মিনিটের মইধ্যেই আমাগোর সব শেষ কইরা দিছে ঝড়ে। ঝড় শুরু অইলে আমাগোর ঘরের চালে ধইরা ছিলাম, আমাগোরে আছড়াইয়া ফালাইয়া চালের টিন যে কই গেছে খুইজা পাই নাই।’