চট্টগ্রাম নগরে পাহাড় ধসের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি হচ্ছে বৃহস্পতিবার বিকেল থেকেই। গতকাল শুক্রবারও দিনভর চট্টগ্রাম নগরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দেখা মেলেনি সূর্যের। নগরের নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়ে মানুষ। অবিরাম বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।
নগরের লালখান বাজার, খুলশী ও বায়েজিদ এলাকায় পাহাড় ও পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ বসতি থেকে বাসিন্দাদের সরে যেতে মাইকিং করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, লালখান বাজার এলাকার পাহাড়ের অতি ঝুঁকিপূর্ণ বসতিতে থাকা ১৫টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।
টানা বৃষ্টিতে নগরের চকবাজার, শুলকবহর, বাকলিয়া, আগ্রাবাদ সিডিএ, হালিশহর ছোটপোল এলাকার সড়কে পানি উঠেছে। আগ্রাবাদ ব্যাপারীপাড়ার বাসিন্দা জহিরুল ইসলাম জানান, জোয়ার ও বৃষ্টির পানির কারণে ওই এলাকার সড়কে গতকাল বেলা ১১টার পর থেকে গাড়ি চলাচল কমে যায়।
চকবাজার ধোনিরপোল এলাকার বাসিন্দা মিজানুর রহমান জানান, সারা দিন বৃষ্টি হলেও তা ছিল মাঝারি মাত্রার। যে কারণে এবার তাঁর দোকানে পানি ঢোকেনি।
গতকাল দিনভর বৃষ্টিতে যানবাহন না পেয়ে অনেককে কাকভেজা হয়ে গন্তব্যে যেতে হয়েছে। নগরের দামপাড়া বাসস্ট্যান্ডের সামনে কথা হয় যাত্রী ইসমাইলের সঙ্গে। তিনি জানান, নগরের পাথরঘাটা থেকে দামপাড়া আসার জন্য অটোরিকশায় ভাড়া গুনতে হয়েছে ১৫০ টাকা। স্বাভাবিক সময়ে এই ভাড়া ৭০ থেকে ৮০ টাকা।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা তিনটা থেকে গতকাল বেলা তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, আজ শনিবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।