চট্টগ্রাম নগরে রাস্তায় বের হলেই ভোগান্তি

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার মকবুল সওদাগর লেনে পিচ উঠে গিয়ে রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। নালার ময়লার পানি উপচে পড়ছে রাস্তায়।
গলির ভান্ডার স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সারা বছরই খারাপ থাকে রাস্তাটি। রাস্তা ঠিক করার কথা কাউকে বলেও লাভ নেই। নালাও পরিষ্কার হয় না বহুদিন।’
গলির ভাঙা সড়কটি থেকে বের হয়েও শান্তি নেই এই এলাকার বাসিন্দাদের। সড়কটি যুক্ত হয়েছে কাপাসগোলা সড়কের সঙ্গে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চার বছরেও এ সড়কের সংস্কার ও সম্প্রসারণ কাজ শেষ করতে পারেনি। অল্প বৃষ্টিতে রাস্তায় পানি জমে, যানবাহন চলে ধীরগতিতে। এ দুটি সড়কের মতো নগরের অধিকাংশ মূল এবং অভ্যন্তরীণ (গলি) সড়কগুলোর করুণ অবস্থা।
টানা বৃষ্টি, সেবা ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং বিভিন্ন প্রকল্পের ধীরগতির কারণে নগরের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো নিয়ে দুর্ভোগের অন্ত নেই নগরবাসীর।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত তিনটি কারণে নগরের সড়কগুলোর এ দুরবস্থা। কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের আওতায় পাইপ বসানোর জন্য নগরজুড়ে ২৪টি রাস্তায় খোঁড়াখুঁড়ি করেছে ওয়াসা। গত জুন ও আগস্টের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয় নগরের প্রায় ১০০ কিলোমিটার সড়ক। মূল সড়কগুলো সংস্কার করলেও গলির সড়কগুলো ক্ষতবিক্ষত অবস্থায় রয়ে গেছে। সিডিএর নির্মাণাধীন কদমতলী উড়ালসড়কের কারণে নষ্ট হয়ে গেছে স্টেশন সড়ক। নগরের সড়কের এমন নাজুক অবস্থায় ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। যানজটে নাকাল হচ্ছেন নগরবাসী।
কাজীর দেউরি এলাকায় কথা হয় সিএনজিচালিত অটোরিকশাচালক আমির হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘শহরের কোথাও গাড়ি চালিয়ে শান্তি নেই। প্রায় সব জায়গায় রাস্তা খারাপ। এক দিন গাড়ি চালালে শরীরে ছয় দিন ব্যথা থাকে।’
হালিশহর এলাকার বাসিন্দা পারভেজ হোসেন বলেন, ‘নয়াবাজার থেকে ঈদগাঁও কাঁচাবাজার পর্যন্ত ওয়াসা কাজ করার দীর্ঘদিন পরেও রাস্তা সংস্কার করা হয়নি। গলির রাস্তাগুলোর অবস্থা আরও ভয়াবহ।’
সরেজমিনে দেখা গেছে, পানির পাইপ বসানোর জন্য ওয়াসা নগরের সিডিএ অ্যাভিনিউ, শেখ মুজিব রোড, নয়াবাজার বিশ্ব রোড মোড় থেকে চুনা ফ্যাক্টরি হয়ে বিডিআর মাঠ পর্যন্ত এম এম আলী রোড, পল্টন রোড, চট্টেশ্বরী মোড় থেকে আলমাস সিনেমা হল মোড় পর্যন্ত, মেহেদীবাগ সড়ক খুঁড়ে ফেলে রেখেছে দীর্ঘদিন।
সংস্কারকাজে ধীরগতির জন্য ওয়াসা ও সিটি করপোরেশন একে অন্যের ওপর দায় চাপাচ্ছে। সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) মুনিরুল হুদা বলেন, ‘ওয়াসা ছাড়পত্র দিলেই সড়ক সংস্কার করা হচ্ছে। যেগুলো দিচ্ছে না, সেগুলোর সংস্কার করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।’
ওয়াসার প্রধান প্রকৌশলী এজাজ রসুল বলেন, ‘নগরের সড়কগুলো সংস্কারের জন্য সিটি করপোরেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। তাগাদা দিয়ে দফায় দফায় চিঠি দিচ্ছি। কিন্তু তারা মৌখিক বা লিখিত কোনোভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে না।’
ওয়াসা থেকে জানা গেছে, সিটি করপোরেশনের চাহিদা অনুযায়ী আগেই প্রায় পৌনে চৌদ্দ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। কাজ শেষ হয়ে যাওয়া রাস্তাগুলো স্থায়ী মেরামতের জন্য তারা নিয়মিত করপোরেশনকে তালিকাসহ চিঠি দিচ্ছে।
১৩ আগস্ট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘প্রায় দুই বছর আগে নাসিরাবাদের সিডিএ রোডে পাইপলাইন স্থাপন করা হয়। বায়েজিদ বোস্তামী সড়কের অধিকাংশ স্থানে পাইপলাইন স্থাপনের কাজ অনেক আগেই শেষ হয়েছে। এ দুটি গুরুত্বপূর্ণ সড়কসহ যে সড়কগুলোতে পাইপলাইন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে তার তালিকা যথাসময়ে সিটি করপোরেশনকে পাঠানো হয়েছে। কিন্তু সিটি করপোরেশন স্থায়ী মেরামতের কার্যকর উদ্যোগ না নেওয়ায় সড়কগুলোতে যাতায়াতকারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।’
নগরের স্টেশনের রোডের পুরোনো রেলস্টেশন থেকে কদমতলী পর্যন্ত উড়ালসড়ক নির্মাণ করছে সিডিএ। নির্মাণাধীন উড়ালসড়কের নিচে পিচের অস্তিত্ব নেই। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। ঝুঁকি এড়াতে গাড়ি চলাচল করে ধীরগতিতে।
সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত সড়কটি ইট-বালু দিয়ে আপাতত সংস্কার করে দেওয়া হবে। স্থায়ী সংস্কার করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করতে আরও এক মাস সময় লাগবে।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মুনিরুল হুদা বলেন, ‘জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে মূল রাস্তাগুলো করপোরেশনের নিজস্ব জনবল ও উপাদান দিয়ে সংস্কার করা হয়েছে। গলির রাস্তাগুলোয় করপোরেশনের গাড়ি ঢোকে না। তাই ঈদের পর ঠিকাদার নিয়োগ করে এসব রাস্তা সংস্কার করা হবে।’