চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা

চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অ্যালার্ট-৩’ জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় ‘কোমেন’ এর পূর্বাভাসে বিপদ সংকেত জারির পর বন্দর কর্তৃপক্ষ এই সতর্কতা জারি করে।
বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, বন্দর জেটিতে ১৮টি জাহাজ অবস্থান করছে। এসব জাহাজের মাস্টারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় পণ্য খালাস শেষ না হলেও ডাইনামিক ওশান নামের একটি জাহাজকে সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছে। বন্দরে কোনো জাহাজ জেটিতে ভিড়ানো হচ্ছে না। তবে পণ্য খালাস ও বোঝাই শেষে বন্দর জেটি ত্যাগ করার অনুমতি দেওয়া হচ্ছে।
এই কর্মকর্তা আরও বলেন, ‘যেসব জাহাজের নিজস্ব ক্রেন আছে সেগুলো দিয়ে সীমিত আকারে পণ্য ওঠানো-নামানো হচ্ছে। বন্দর চত্বর থেকে পণ্য খালাস কার্যক্রমও সীমিত আকারে চলছে। বহির্নোঙরে অবস্থানরত জাহাজগুলোকে একটি থেকে আরেকটিকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।’
বন্দর সূত্র জানায়, গতকাল বুধবার রাত ১২টা থেকে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্র ‘গ্যান্ট্রি ক্রেন’ পরিচালনা বন্ধ করে দেওয়া হয়েছে।
১৯৯২ সালে প্রণীত ঘূর্ণিঝড়-দুর্যোগ প্রস্তুতি এবং ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা অনুযায়ী, আবহাওয়া অধিদপ্তরের সংকেত অনুযায়ী চার ধরনের সতর্কতা জারি করে বন্দর। আবহাওয়া অধিদপ্তর তিন নম্বর সংকেত জারি করলে বন্দর কর্তৃপক্ষ প্রথম পর্যায়ে সতর্কতা বা ‘অ্যালার্ট-১’ জারি করে থাকে। আবহাওয়া অধিদপ্তর চার নম্বর সংকেত জারি করলে বন্দরে ‘অ্যালার্ট-২’ এবং বিপদ সংকেত ৫,৬ ও ৭ নম্বরের জন্য বন্দরে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অ্যালার্ট-৩’ জারি করা হয়। মহাবিপদ সংকেত ৮,৯ ও ১০ হলে বন্দরেও সর্বোচ্চ সতর্কতা ‘অ্যালার্ট-৪’ জারি করা হয়। সে ক্ষেত্রে বন্দর জেটিতে অবস্থানরত জাহাজগুলোকে সাগরে পাঠিয়ে দেওয়া হয়।