চট্টগ্রামে আবার জলজট, ভোগান্তিতে নগরবাসী
ভারী বৃষ্টিতে আবারও জলজটের সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরে। আজ মঙ্গলবার সকালে নগরের বিভিন্ন এলাকায় গোড়ালি থেকে হাঁটুসমান পানি জমেছে। এতে ভোগান্তিতে পড়ে নগরবাসী।
গতকাল সোমবার গভীর রাতে বৃষ্টি শুরু হয়। আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত থেমে থেমে তা অব্যাহত ছিল।
আজ নগরের মুরাদপুর, শুলকবহর, বহদ্দারহাট, চকবাজার, ডিসি রোড, চান্দগাঁও, বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় জলজট সৃষ্টি হয়েছে।
নগরের চকবাজারের মুহাম্মদ শাহ আলী লেনের বাসিন্দা আবদুল হামিদ বলেন, বাসার প্রতিটি কক্ষে পানি ঢুকেছে। সকাল থেকে রান্নাবান্না বন্ধ। নাশতা আনার জন্য বাইরে যাওয়ার সুযোগও নেই। বারবার এ ভোগান্তি পোহাতে হচ্ছে।
নগরের ডিসি রোড এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, সকালেই হাঁটুসমান পানি জমেছে বাসার সামনের রাস্তায়। এই পানি মাড়িয়ে অফিসে যেতে হয়েছে। জলজটের দুর্ভোগ থেকে মুক্তি নেই।
গত দুই মাসে জলজটে অন্তত আটবার ডুবেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। খালের মধ্যে অস্থায়ী বাঁধ থাকায় কিছু এলাকায় ২৪ ঘণ্টার বেশি পানি জমে থাকে।
চট্টগ্রাম নগরের জলজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড চারটি প্রকল্প বাস্তবায়ন করছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ১১ হাজার কোটি টাকা। নগরের জলজট নিরসনের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় দফায় দফায় বৈঠক করেছে।