চট্টগ্রামে এবার জোয়ারের 'জলাবদ্ধতা'

টানা এক সপ্তাহ বৃষ্টির কারণে জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তির উপায় ছিল না। গত শনিবার সকাল থেকে চট্টগ্রাম নগরে বৃষ্টির ছিটেফোঁটাও নেই। রোদ ছিল গতকাল রোববারও। কিন্তু বৃষ্টি না হলেও জলাবদ্ধতা ঠিকই ফিরে এসেছে। অস্বাভাবিক জোয়ারের পানিতে নগরের বেশ কিছু এলাকা গতকাল দ্বিতীয় দিনের মতো তলিয়ে যায়। চার থেকে পাঁচ ঘণ্টার এই ‘জোয়ার-জলাবদ্ধতা’ ভুগিয়েছে নগরবাসীকে।
চাক্তাই খাতুনগঞ্জ এলাকায় গতকালও জোয়ারের পানি ঢুকেছে বিভিন্ন দোকানে। এ নিয়ে টানা তিন দিন চাক্তাই খাতুনগঞ্জের বিভিন্ন দোকানে জোয়ারের পানি ঢুকল। এতে মালামাল নষ্ট হওয়ার পাশাপাশি আবার ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে।
গতকাল পাথরঘাটা, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, টিঅ্যান্ডটি কলোনি, বাকলিয়া ও রাজাখালীসহ বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে তলিয়ে যায়। পাথরঘাটার ব্রিকফিল্ড সড়কের বাসিন্দা প্রদীপ দাস জানান, গতকাল দুপুর ১২টা থেকে জোয়ারের পানিতে তলিয়ে যায় এলাকার রাস্তাঘাট। আড়াই ঘণ্টা পর পানি কমতে থাকে। তবে যেটুকু সময় পানি ছিল মানুষের ভোগান্তির জন্য তা-ই যথেষ্ট।
খাতুনগঞ্জের ব্যবসায়ীরাও জানান, দুপুর ১২টা থেকে দোকানে পানি ঢোকা শুরু হয়। পানি নেমে যায় বেলা তিনটার দিকে।
সরেজমিনে দেখা যায়, খাতুনগঞ্জের নিউ রহমানিয়া স্টোরে পানি ঢুকে ভিজে গেছে পেঁয়াজ ও আদা। দোকানি ইরফান জানান, তিন দিন ধরে দোকানে পানি ঢোকায় কম-বেশি সব ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন।