চট্টগ্রামে মহেশখাল বাঁধ অবশেষে অপসারণ শুরু
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও হালিশহরের বাসিন্দাদের ‘গলার কাঁটা’ হয়ে ওঠা মহেশখালের অস্থায়ী বাঁধ অপসারণ শুরু করেছে সিটি করপোরেশন। আজ মঙ্গলবার বেলা তিনটায় চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবের সামনে এই কার্যক্রম শুরু হয়। তা দেখতে খালের দুই পাশে হাজার হাজার মানুষ জড়ো হয়।
বাঁধ অপসারণ শুরুর আগে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, জনগণের কষ্টের কথা বিবেচনা করে এবং বন্দর ও পানি উন্নয়ন বোর্ডের মতামতের ভিত্তিতে বাঁধটা অপসারণ করা হচ্ছে। মহৎ উদ্দেশ্যে অস্থায়ীভাবে বাঁধটি নির্মাণ করা হয়েছিল।
বাঁধের কারণে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে তা বলা পুরোপুরি সঠিক হবে না বলে জানান মেয়র। তিনি বলেন, ‘আজ আমরা বাঁধ অপসারণ করব। হয়তো এমনও হতে পারে, কিছুদিন পরে বলা হবে, কেন বাঁধটি ভাঙা হলো।’
বন্দরের অর্থায়নে মহেশখালের মুখে জলকপাট (স্লুইসগেট) নির্মাণ করা হবে বলে জানান মেয়র। এ ছাড়া বাঁধের কারণে ভরাট হয়ে যাওয়া মহেশখাল খনন করা হচ্ছে।
গত রোববারের রাতের বৃষ্টিতে আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, হাসপাতালের পাশের সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ এক্সেস রোড ও হালিশহর আবাসিক এলাকা মঙ্গলবার পর্যন্ত জলমগ্ন ছিল। এর আগে গত ৩০ মে ভারী বর্ষণে এসব এলাকা চার দিন ডুবে ছিল। মহেশখালের ওপর দেওয়া অস্থায়ী বাঁধের কারণে আগ্রাবাদ ও হালিশহর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে জানান সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ। ১ জুন সিটি করপোরেশন, চট্টগ্রাম বন্দর ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ সভায় এ বাঁধ অপসারণের সিদ্ধান্ত হয়।
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও উত্তর হালিশহর এলাকার কর্ণফুলী নদীর জোয়ারজনিত জলাবদ্ধতা নিরসনে ২০১৫ সালের অক্টোবরে মহেশখালের ওপর পৌনে তিন কোটি টাকায় ব্যয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ। ২ সেপ্টেম্বর এর নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বাঁধ নির্মাণকে আগ্রাবাদ ও উত্তর হালিশহর এলাকার বাসিন্দারা স্বাগত জানালেও বিরোধিতা করে উত্তর মধ্যম হালিশহর (৩৭ নম্বর) ও দক্ষিণ মধ্যম হালিশহর (৩৮ নম্বর) ওয়ার্ডের বাসিন্দারা।
বাঁধ অপসারণের ফলে জলাবদ্ধতার দুর্ভোগ দূর হবে বলে জানান নগরের গোসাইলডাঙা ওয়ার্ডের নিমতলার মো. খোরশেদ আলম ও উত্তর মধ্যম হালিশহরের মুনশীপাড়ার ইকবাল হোসেন। তাঁরা বলেন, বাঁধ দেওয়ার কারণে তাঁরা জলাবদ্ধতার শিকার হচ্ছিলেন। এর আগে তাঁদের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো না।
আজ বিকেলে সরেজমিনে দেখা যায়, বাঁধ অপসারণ কার্যক্রম দেখতে খালের দুই পাশে হাজার হাজার মানুষ জড়ো হয়। সিটি করপোরেশনের প্রকৌশলীরা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে বাঁধ অপসারণ কার্যক্রম তদারকি করছিলেন। একটি লংবুম এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে বাঁধটি কাটা হয়। প্রায় আধা ঘণ্টা পর বাঁধের এক পাশ কেটে পানি চলাচলের পথ করে দেওয়া হয়।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক প্রথম আলোকে বলেন, বাঁধটি পুরোপুরি অপসারণ করতে দুই থেকে তিন দিন সময় লাগবে। অস্থায়ী বাঁধের অপসারণ করা মাটি, লোহার রডসহ বিভিন্ন উপাদান পাশের খালি জায়গায় রাখা হচ্ছে।