চতুর লেউ লেউ গাঙচিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেউ লেউ গাঙচিল   ছবি: তানভীর খান
লেউ লেউ গাঙচিল ছবি: তানভীর খান

টংঘরের দরজামুখী পা ঝুলিয়ে বসে আছি আয়েশ করে। চারপাশজুড়ে দিগন্ত বিস্তৃত খোলা হাওর, শত শত চিংড়িঘের। প্রতিটি ঘেরের পাড়ে একটি করে টংঘর। মাথার ওপরে মস্ত খোলা আকাশ। বাতাস বইছে ‘শীত শীত’। মাঝে মাঝে মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে বুনোহাঁস, সাদাবক, রামঠেঙ্গি, কইতরে বা ভুতুমে চ্যাগার ঝাঁক। বাঁক নিচ্ছে ওরা অবিশ্বাস্য দ্রুততায়।
আমার নাক বরাবর—অনুমান দুই শ গজ দূরে একটা ঘন বুনটের হোগলা বন, তার পাশে নলনাটার বন। বনের পাশে এক টুকরো জলাভূমি—ওখানে হঠাৎ হঠাৎ দেখা যাচ্ছে দু-একটা বুরি, ঢেফর, বিলেন হালতি, লাল খেনি, ছোট খেনি, জলছড়ির সতর্ক উঁকিঝুঁকি। ওখানকারই ঊর্ধ্বাকাশে চক্কর দিচ্ছে একটি বড় ছিটে ইগল (Greater Spotted Eagle)। লক্ষ্য—ওই নলটানা ঝোপ থেকে কোনো একটি পাখি শিকার করা—সকালের নাশতাটা তাহলে খাসা হবে ওর।
ভোরের আলো ধীরে ধীরে সকাল হয়ে মিলিয়ে যাচ্ছে। টংঘরের ভেতর আমার এক ভাইপো। নয় বছর বয়সী ছেলেটি ও আমার ছোট ছেলে তানভীর খান ঘুমাচ্ছে। গত রাতে আমাদের কারওই তেমন ঘুম হয়নি। ভাইপোর এই ঘের পাড়ে রাতে ঘোরাঘুরি করে বয়সী একটি ভয়ংকর-দর্শন গোখরা সাপ। আর প্রায় এক কেজির একেকটা ধেনো ইঁদুর রাতে মাস্তানি করে বেড়ায় আশপাশে—এ রকম খবর পেয়েই আমি আর আমার ছেলে বাস্তব-দর্শনের আশায় রাতটা কাটিয়েছি এ টংঘরে।
পাঁচ সেলের টর্চ মেরে সারা রাতেও সাপটির দর্শন পাইনি। তবে, ইঁদুর ও টংঘরের পোষা বিড়ালটির অবিশ্বাস্য মজাদার ‘লড়াই লড়াই’ খেলাটি আমরা উপভোগ করেছি মজা করে। ভাইপো ইঁদুর দেখলেই বিড়ালটিকে ছুড়ে মেরেছে, বিড়ালটি মাটিতে পড়তেই ইঁদুরটি হুংকার ছেড়ে বিড়ালের দিকেই তেড়ে এসেছে। ভয়ে বিড়ালটি দৌড়ে বাঁশের সিঁড়ি বেয়ে উঠে গেছে। বারবার ভীত বিড়াল এভাবেই চড়ে বসে টংঘরের তালপাতার চালার ওপরে।
সকাল ১০টায় সবাই ভিজে চিড়াগুড় ও ফকিরহাটের ফলতিতা বাজারের মজাদার সন্দেশ দিয়ে নাশতা সারলাম। ঘেরটির পাশেই অল্প একটু প্রাকৃতিক খোলা জমি। ওই জমিতে শাপলা আছে। পোঁতা একটা খুঁটির মাথায় বারবার উড়ে এসে বসছে ছিপছিপে গড়নের একটি পাখি। ওটি দেখেই নয় বছর বয়সী ছেলেটি পুঁটি মাছ ধরা বড়শিতে ছোট একটা চ্যালা মাছ গেঁথে বড়শি পাতল। পাখিটি বেশ কয়বার এল, হোভারিং করল। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিবারই বড়শি এড়িয়ে মাছ মুখে নিয়ে পালাল। খেল ওই খুঁটির মাথাতে বসেই। তাকাচ্ছে, ছেলেটির দিকে—আরও মাছ দেয় কি না!
কাপলা পাতার ওপরের বড়শির টোপও নিয়ে গেল পাখিটি। এখানেই পাখিটির চতুরতা ও বুদ্ধিমত্তার পরিচয় মেলে। খুঁটির মাথায় সুতার ফাঁদ পাতলে পাখিটা আর বসছে না ওখানে। ঘটনাটি এ বছরের ফেব্রুয়ারি মাসের, বাগেরহাটের চিতলমারীর চিত্রা নদীর তীরের ‘চিত্রা সুন্দরী’ বনটা থেকে খুব বেশি দূরে নয়। বিল কোদালিয়া হয়েই আমরা পৌঁছেছিলাম সেখানে।
কুশলী পাখিটির নাম বাগেরহাট অঞ্চলে লেউ লেউ বা লেওয়ো। গাংচিল, হাওরচিল নামেই পরিচিত এরা। ইংরেজি নাম Whiskerd tern। বৈজ্ঞানিক নাম chlidonias hybridus। ২৫ সেন্টিমিটারের লম্বাটে শরীর। চওড়া এবং লম্বা ডানা ও লেজ। লেজের আগাটা ওরা মাঝে মাঝেই নাড়ে। একনজরে চকচকে ধূসর রঙের পাখিটির বুক-পেট সাদা, কালো ঠোঁট, লালচে অথবা লাল ঠোঁট। কালো চোখের মণিতে সব সময় যেন বুদ্ধি ও চতুরতার ঝিলিক। খুবই সতর্ক পাখি এরা। মাথা কালো। লেজের প্রান্তদেশও কালো।
হাওর-বাঁওড়-বিল-জলাশয়ের ওপর দিয়ে উড়ে-ঘুরে এই পাখিরা খাবার খোঁজে। জালের ভেতর অনেকটাই মাছরাঙার মতো ডাইভ মেরে ছোট ছোট মাছ ধরে। বসার জায়গা নিয়ে এদের দ্বন্দ্ব লাগে ট্যাপাচিল-মাছরাঙা-বক-পানকৌড়িদের সঙ্গে। এদের কণ্ঠস্বর মোলায়েম—অনেকটাই ‘লেউ লেউ লেউয়ো’ ধরনের। এরা পরিযায়ী পাখি। সারা দেশেই দেখা মেলে।