চরখুঁচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরখুঁচি পাখি ছবি: মনিরুল হক
চরখুঁচি পাখি ছবি: মনিরুল হক

চরের মাখন-কাদায় কৃষকের লাঙল চালানোর মতো করে ঠোঁট চালাচ্ছে তিনটি সাদা-কালো রঙের পাখি। লম্বা লিকলিকে পা, সরু ঠোঁটের আগার দিকটা লাঙলের ফলার মতোই কিছুটা ঊর্ধ্বমুখী।
এদের চিবুক-ঘাড়-গলা-বুক-পেট, লেজের তলাসহ বুজানো পাখার উপরিভাগ কার্পাস তুলোর মতো সাদা, মাথার তালু-ঘাড়-পিঠের উপরিভাগের রং কাজল-কালো। পাখার ওপরে আছে কালো রঙের পট্টি। উড়লে পাখার প্রান্তের কালো রং চোখে পড়ে। পুরো ঠোঁটটিই কালো। পা ধূসরাভ বা নীলচে। মূল খাদ্য জলজ পোকামাকড়, কাদার তলার নানান প্রজাতির সুতোপোকা, কচি ঘাসের ডগা-কুঁড়ি, কেঁচো ও ছোট মাছ। ওরা হাঁটু-বুক জলে যেমন চরতে পারে, তেমনি সাঁতরাতেও পারে—দিতে পারে ডুব—শুকনো মাঠেও চরতে পারে। জল-কাদার ভেতরে বা জলের ভেতরে প্রয়োজনে ঘাড়-মাথাসহ ঠোঁটও ঢুকিয়ে দিতে পারে অনায়াসে। দীর্ঘদিনের পর্যবেক্ষণের অভিজ্ঞতায় বলছি, আশপাশে অন্য পাখিরা না থাকলে জল-কাদার ভেতরে ঘাড়-মাথা সেঁধোয় না এরা। এদের পিচ্ছিল ঠোঁট-জিভ ও পায়ে আঁঠালো কাদাও জড়াতে পারে না। এমনকি মখমল-তৈলাক্ত বুক-পেটেও কাদা লেগে থাকে না। প্রকৃতির এ এক আশ্চর্য খেলা।
পাখি তিনটিকে সম্প্রতি দেখি ঢাকা থেকে সুন্দরবনের কটকায় যাওয়ার পথের একটি বড় নদীর চরে।
এরা পরিযায়ী। ডিম-ছানা তোলে ডেনমার্ক, ব্রিটেন, পর্তুগাল, চীনের উত্তরাংশসহ অন্যান্য দেশে। বাসা করে মাটির ওপরে। ডিম পাড়ে ৪টি। ৫টিও হতে পারে। দুজনেই পালা করে তা দেয় ডিমে। ডিম ফুটে ছানা হয় ২২-২৪ দিনে। এই পাখিদের কণ্ঠ ধাতব সুরেলা।
পাখিটির নাম চরখুঁচি (খুঁচি অর্থ খোঁড়া)। অন্য নাম খোয়াজ ও ঢেঙ্গা। ইংরেজি নাম Pied Avocet. বৈজ্ঞানিক নাম recurvirostra avosetta. মাপ ৪৫ সেমি। মেয়ে ও পুরুষ পাখি দেখতে একই রকম। বিরল পরিযায়ী এই পাখির দেখা মেলে বড় বড় নদীচর, নিঝুম দ্বীপ, চর কুকরিমুকরিসহ বৃহত্তর খুলনা জেলার হাওর-বিলসহ সুন্দরবন লাগোয়া দ্বীপ ও চরে। দেশের অন্যান্য বড় হাওরেও দেখা যায়। সন্দ্বীপ ও হাতিয়া দ্বীপে দেখেছি এদের। ভোলার দ্বীপচরে আসে।