চরভদ্রাসনে চন্দ্রবোড়া আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসনের চর এলাকায় অজানা সাপের আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। গত তিন মাসে পাঁচজনকে এ সাপ কামড় দিয়েছে। এর মধ্যে মারা গেছেন দুজন।

একটি মৃত সাপের ছবি দেখে এ সাপকে রাসেল ভাইপার বাংলায় চন্দ্রবোড়া সাপ হিসেবে চিহ্নিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মো. কামরুল হাসান।
চরভদ্রাসন সদর ও চর ঝাউকান্দা ইউনিয়নে পদ্মা নদীর চর এলাকায় গত তিন মাসে পাঁচ ব্যক্তিকে সাপ কামড় দিয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। কামড়ের পর তাদের শারীরিক উপসর্গগুলো প্রায় একই রকম। এর মধ্যে কামড়ের জায়গা ফুলে যাওয়া, হাড়, মাংস ও শরীর ব্যথা হওয়া, বমি হওয়া প্রধান।
এ ধরনের উপসর্গ পূর্বে কোনো সাপে কাটা রোগীর মধ্যে দেখা যায়নি বলে স্থানীয় বয়োজ্যেষ্ঠরা জানান।
গত শবে বরাতের দিন সদর ইউনিয়নের গোপালপুর চরে সাপে কামড় দেয় আবদুল শিকদারের ডাঙ্গী গ্রামের হারুন মুন্সিকে (৫৫)। কবিরাজি চিকিৎসায় কোনো ফল না পেয়ে চিকিৎসকের কাছে নিয়েও তাকে বাঁচানো যায়নি। তাঁর জামাতা সদর ইউপি মেম্বার মো. বোরহান মোল্লা জানান, সাপে কামড়ের পর তাঁর শ্বশুরের পা ফুলে যায় এবং দংশন স্থানে পচনের সৃষ্টি হয়। দীর্ঘ আড়াই মাস অসুস্থ থেকে তিনি মারা যান।
গত ২২ জুলাই চর ঝাউকান্দা ইউনিয়নের লতিফ মৃধার ডাঙ্গী গ্রামের রোকন মুন্সি (৫০) ও সুখা মুন্সিকে (৪০) সাপ কামড় দেয়। স্থানীয় কবিরাজের চিকিৎসায় সুখা মুন্সী সুস্থ হলেও রোকন মুন্সী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোকনের স্ত্রী হায়াতুন্নেছা জানান, তাঁর স্বামীকে সাপে কামড় দেওয়ার পর তিনি ছোট আকারের অজগরের মতো একটি সাপ দেখতে পান, যার চলার ধরন সাধারণ সাপের মতো না। হলুদ গোল চক্রাকার সাপটি চলার ধরন দেখে অনেকটা লাফিয়ে চলছে এমন মনে হয়।
৫ আগস্ট গোপাল পুর ফেরিঘাট-সংলগ্ন ডাঙ্গী গ্রামের বাসিন্দা রহিম মোল্লা (৪০) পাট কাটতে গিয়ে সাপের কামড়ের শিকার হন। কামড়ের পর প্রচণ্ড ব্যথাসহ তাঁর পা-ও ফুলে যায়। তিনি ডাক্তারি চিকিৎসা না নিয়ে আক্কাস সরদার নামের এক কবিরাজের কাছে তিন দিন চিকিৎসার পর এখন একটু সুস্থ থাকলেও কামড়ের স্থানে ক্ষত রয়েছে।
৮ আগস্ট বাদুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের রহিমের প্রতিবেশী ইদ্রিস শিকদারের বাড়ি থেকে একটি সাপ মারে স্থানীয় লোকজন।
চন্দ্রবোড়ার বিষক্রিয়ার সঙ্গে আক্রান্ত রোগীদের উপসর্গের অনেকটাই মিল রয়েছে। অনেকেই এখন ভয়ে চরে যাওয়া ছেড়ে দিয়েছেন।
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘আমি সাপে কাটা দুটি রোগী পেয়েছি, একজন জীবিত, অন্যজন মৃত। দুজনকে বিষধর সাপে কামড় দিয়েছে।’
অধ্যাপক কামরুল হাসান প্রথম আলোকে বলেন, সাধারণত বরেন্দ্র অঞ্চলে চন্দ্রবোড়া সাপ দেখতে পাওয়া যায়। ধারণা করা যায়, বন্যার পানিতে ভেসে এসে চরভদ্রাসনের চরাঞ্চলে ওই সাপ বংশবিস্তার করে থাকতে পারে। তিনি বলেন, এ সাপ কামড় দিলে কামড়ের জায়গায় পচন ধরে।