চলতি বছরের মার্চ মাসে অতিবৃষ্টি হয়েছে। গত এপ্রিল মাসে দেশে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা গত ৩৫ বছরে এ সময়ে সর্বোচ্চ। চলতি মে মাসের প্রথম দিনেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, মে মাসজুড়ে স্বাভাবিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, মার্চে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ১৫২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এপ্রিলে বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিক গড় বৃষ্টিপাতের তুলনায় ১০৬ শতাংশ বেশি।
অধিদপ্তরের পূর্বাভাস বলছে, চলতি মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। মার্চ, এপ্রিল ও মে—এই তিন মাস কালবৈশাখীর মৌসুম। ফলে মে মাসে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। অতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু জায়গায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।
অধিদপ্তর বলছে, বৃষ্টির পাশাপাশি মে মাসে দাপট দেখাতে পারে উষ্ণতা। পূর্বাভাসে তীব্র থেকে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মে মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার একটি তীব্র এবং অন্য জায়গায় ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের দু-তিনটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গতকালও অবস্থান করে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ঢাকায় ৬২ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশালের দু-এক জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঝড়-বৃষ্টির সময়গুলোতে ঘন ঘন বিদ্যুৎ চমকানো ও অতি উচ্চশব্দে অনেক বেশিসংখ্যক বজ্রপাত হতে দেখা যাচ্ছে, যা অন্য সময় এতটা দেখা যায় না। এ ধরনের ঘটনার সময় বাইরে না থাকা নিরাপদ বলে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা।