চামড়া বর্জ্য পড়ছে ধলেশ্বরীতে

রাজধানীর অদূরে সাভারে চামড়া শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। চালু হয়নি কয়েকটি ইউনিট। বন্ধ রাখা হয়েছে জেনারেটর ও রাসায়নিকের ব্যবহার। এ কারণে এটি আংশিক কাজ করছে।
পরিবেশবাদীরা বলছেন, বর্জ্য শোধনের পর যে পানি ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে, তাতে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে ক্রোমিয়াম, ক্ষার, রাসায়নিক উপাদান, লবণসহ বিভিন্ন ধরনের ক্ষতিকারক উপাদান থাকছে। এতে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা বুড়িগঙ্গাকে ধ্বংস করে দিয়ে এখন ধলেশ্বরীর ধ্বংসযজ্ঞে নেমেছি।’
৬৩৯ কোটি টাকা ব্যয়ে সিইটিপি নির্মাণ করছে চীনা প্রতিষ্ঠান জিয়াংসু লিংঝি এনভায়রনমেন্টাল প্রটেকশন কোম্পানি এবং বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট কনসালট্যান্ট লিমিটেড।
গত বৃহস্পতিবার চামড়া শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার ঘুরে দেখা যায়, বর্জ্য শোধনের পর কালো ও দুর্গন্ধযুক্ত পানি নদীতে পড়ছে। একটি পাইপের সাহায্যে তরল বর্জ্য ডাম্পিং ইয়ার্ডে পড়ছিল। ওই বর্জ্য সরাসরি ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছিল। বিকল পাওয়া যায় ক্রোমিয়াম রিকভারি ইউনিটের একটি যন্ত্র।
ট্যানারির মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিইটিপির চারটি মডিউলের মধ্যে কখনো দুটি এবং কখনো একটি চালু রাখা হয়। শুধু বিশেষ কোনো ব্যক্তি বা পদস্থ কোনো কর্মকর্তার পরিদর্শনের সংবাদ পেলে চারটিই চালু রাখা হয়। এ ছাড়া রাতের আঁধারে একাধিক পাইপ দিয়ে অপরিশোধিত তরল বর্জ্য সিইটিপি থেকে ডাম্পিং ইয়ার্ডে ফেলা হয়। ডাম্পিং ইয়ার্ড থেকে পাইপ দিয়ে তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলা হয়।
বিসিক সূত্রে জানা গেছে, সিইটিপিতে ব্যবহারের জন্য চীন থেকে আনা দুটি জেনারেটর এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি। অপর দুটি জেনারেটরের মধ্যে একটি কয়েক দিন চালানোর পর গরম হয়ে যাওয়ায় তা বন্ধ রাখা হয়েছে। অপরটি চালানোই হয়নি।
চীনা প্রতিষ্ঠানের কনসালট্যান্ট, চামড়া শিল্পনগর প্রকল্পের সাবেক পরিচালক আবদুল কাইউম বলেন, সিইটিপির ৯০ ভাগ অবকাঠামোর কাজ সম্পন্ন হয়েছে। বিদেশ থেকে কিছু যন্ত্র আনা বাকি আছে। এসব যন্ত্র এলে আগামী দুই মাসের মধ্যে তা পুরোপুরি চালু করা সম্ভব হবে। প্রতিদিন চালু কারখানাগুলো থেকে প্রায় ১৪ হাজার ঘনমিটার বর্জ্য বের হচ্ছে। সিইটিপির মাধ্যমে এসব বর্জ্য শোধন করা হচ্ছে।
বর্জ্য শোধনের পর কালো ও দুর্গন্ধযুক্ত পানি নদীতে ফেলা প্রসঙ্গে তিনি বলেন, ট্যানারির বর্জ্য এর চেয়ে বেশি শোধন করা সম্ভব নয়।
বিদ্যুৎ চলে গেলে সিইটিপি বন্ধ থাকে বলে আবদুল কাইউম স্বীকার করেন।
চামড়া শিল্পনগর প্রকল্পের পরিচালক জিয়াউল হক বলেন, সিইটিপির বেশ কিছু ধাপের কাজ এখনো সম্পন্ন হয়নি। টাকা না পাওয়ার অজুহাতে বন্ধ রাখা হয়েছে জেনারেটর ও রাসায়নিকের ব্যবহার। এসব কারণে ৬০ থেকে ৭০ ভাগ বর্জ্য শোধন হচ্ছে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ রক্ষায় সুশীল সমাজ, প্রকৌশলী ও স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে কাজগুলোকে একটা টাইমলাইনে নিয়ে আসতে হবে। পাশাপাশি বিসিকের পরিবর্তে পরিবেশ অধিদপ্তরকে মনিটরিংয়ের দায়িত্ব দিতে হবে।