উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের চারটি উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। এ ছাড়া গতকাল শনিবার প্রবল বৃষ্টিতে ময়মনসিংহ শহরের প্রায় সব সড়ক তলিয়ে যায়।
গতকাল বৃষ্টির সময় ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি মোড় এলাকায় একটি গাছ উপড়ে গেলে সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে দিনভর চরম ভোগান্তিতে পড়েন শহরের মানুষ।
সরেজমিনে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড়, নতুন বাজার, সানকিপাড়া, কলেজ রোড, গুলকিবাড়ি সড়ক, চরপাড়া, সাহেব আলী সড়ক, কাঁচিঝুলি, আকুয়া, সেনবাড়ি, আউটার স্টেডিয়াম, নওমহল এলাকায় দেখা যায়, প্রবল বৃষ্টিতে সকাল নয়টার দিকে সড়কগুলো কয়েক ফুট পানির নিচে তলিয়ে যায়। শহরের গাঙ্গিনারপাড় ও নতুন বাজার এলাকার বিপণিবিতানগুলোতে পানি ঢোকায় বেশির ভাগ বিপণিবিতান বন্ধ ছিল। এ ছাড়া নওমহল, আকুয়া, সানিকিপাড়া এলাকার বিভিন্ন বাড়িতে পানি ওঠে। কাঁচিঝুলি মোড় এলাকায় উপড়ে পড়া গাছটি ফায়ার সার্ভিস এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা দুপুরের পর সরালে যান চলাচল শুরু হয়।
প্রবল বৃষ্টির কারণে ময়মনসিংহের প্রায় সব সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় ময়মনসিংহ শহরের তিনটি সরকারি বিদ্যালয়ের গতকাল শনিবারের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়। বিদ্যালয়গুলো হলো ময়মনসিংহ জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও গভ. ল্যাবরেটরি হাইস্কুল। সকাল আটটার দিকে বৃষ্টির তীব্রতা বাড়লে সড়কগুলো দিয়ে হেঁটে কিংবা রিকশা বা ইজিবাইক চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তবু পরীক্ষার কথা ভেবে কোমরসম পানি ভেঙে কিছু শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আসতে দেখা যায়। জিলা স্কুল ও বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষেও পানি ঢুকে পড়ে।
পরে তিনটি বিদ্যালয় থেকে মুঠোফোনে ও খুদে বার্তার মাধ্যমে অভিভাবকদের পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়। ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. ইউনুছ ফারুকী ও গভ. ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক আমেনা বেগম বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে গতকাল শনিবার পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
এদিকে টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে সিলেটে টানা বৃষ্টি হয়েছে। সিলেট আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৪৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উজানেও বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ি ঢল নামছে। সুরমা নদীর সুনামগঞ্জ ও কানাইঘাট পয়েন্ট দিয়ে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে বিপৎসীমার দশমিক ৪৭ সেন্টিমিটার ও কানাইঘাটে দশমিক ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
তবে গতকাল বিকেল পর্যন্ত সুরমা নদীর সিলেট পয়েন্ট দিয়ে পানি বিপৎসীমা অতিক্রম করেনি। পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে সারীঘাট ও গোয়াইনঘাট সড়ক। একই উপজেলার সালুটিকর সড়কেও পানি ওঠায় এ দুই সড়ক দিয়ে গতকাল সকাল থেকে যানবাহন চলাচল করতে পারছে না। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহ উদ্দিন জানান, সার্বিক পরিস্থিতি নজরদারির মধ্যে রাখা হয়েছে। টানা বৃষ্টি কমলে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি জানান।