চার জেলায় ডুবে গেছে ৪৪ হাজার হেক্টর জমির ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিরাম বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়া ও জয়পুরহাটের কয়েকটি উপজেলা নতুন করে প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নেত্রকোনা ও কুড়িগ্রামে। এই চার জেলায় পানিতে তলিয়ে গেছে ৪৪ হাজার ৬৬৬ হেক্টর জমির আমন ধান। হুমকির মুখে পড়েছে গাইবান্ধার দুটি বন্যানিয়ন্ত্রণ বাঁধ।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা, শাহজাদাপুর, কালীকচ্ছ, নোয়াগাঁও ও পানিশ্বর ইউনিয়নের নিম্নাঞ্চল আবার প্লাবিত হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন জানান, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার ৩৫ হেক্টর রোপা আমন সম্পূর্ণ এবং আরও ৫০ হেক্টর জমি আংশিক পানিতে তলিয়েছে।
জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উজান থেকে আসা ঢলের পানি ও ভারী বৃষ্টিপাতের কারণে জয়পুরহাটের তুলসীগঙ্গা ও ছোট যমুনা নদীর পানি বেড়ে এর নিকটবর্তী মাঠ ও হাওয়াই বিলের এক হাজার ৫৮১ হেক্টর আমন ধানের জমি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। জেলা সদরের ধারকি, সোডাহার, বম্বু, ধুলাতর, পূর্ব জামালপুর, ঘোনপাড়া, ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর, জিয়াপুর, আমিরা, দুর্গাপুর, রসুলপুর, দেওগ্রাম, মিনিগাড়ী, বগদহ, জয় সিংড়া গ্রামের আমন ধানের জমি পানিতে ডুবে রয়েছে।
টানা বৃষ্টির কারণে নেত্রকোনার বন্যা পরিস্থিতির ফের অবনতি হয়েছে। কংস নদে ১১ দশমিক ২৫ সেন্টিমিটার ও সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ১৩ দশমিক ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে গতকাল শুক্রবার পরিস্থিতির আবার অবনতি হয়েছে। দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা, সদর, বারহাট্টা, মোহনগঞ্জ ও মদন উপজেলার অধিকাংশ ইউনিয়ন প্লাবিত হয়েছে। অনেকের বাড়িঘরেও পানি ঢুকেছে।
জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার বলেন, কলমাকান্দা-দুর্গাপুর উপজেলায় ২৮ হাজার হেক্টর জমির রোপা আমন পানিতে তলিয়ে রয়েছে।
কুড়িগ্রামে বন্যা ও অতিবৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, জেলায় প্রায় ১৫ হাজার হেক্টর জমির আমন ধান নষ্ট হয়েছে।এর আগে দুবার বন্যায় চরাঞ্চল এবং তার আশপাশের এলাকায় রোপা আমন ও সবজি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
অন্যদিকে পাহাড়ি ঢলে রৌমারী ও রাজিবপুর উপজেলায় আটটি ইউনিয়নের শতাধিক গ্রামের ৭০ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে। বন্যার পানিতে তলিয়ে আছে দুই উপজেলার ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান। বিশুদ্ধ খাওয়ার পানি ও খাদ্যসংকট দেখা দিয়েছে। উলিপুর উপজেলার বুড়াবুড়ি ও হাতিয়া ইউনিয়নের তিন ভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বুড়াবুড়ি ইউনিয়নে ফকীর মোহাম্মদের চরে একটি ক্রসবাঁধ ভাঙনের মুখে পড়েছে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হান্নান বলেন, উপজেলার ৯০ ভাগ আমন ধানের জমি এখন পানির নিচে। ১০টি পাকা রাস্তা ভেঙে গেছে। আর ১৭টি কাঁচা রাস্তার ওপর দিয়ে পানি বইছে। তিনটি কালভার্ট ধসে পড়েছে।
তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী সবিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ১১ সেন্টিমিটার, নুন খাওয়া পয়েন্টে ১৬ সেন্টিমিটার এবং তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ছয় সেন্টিমিটার কমেছে। আর ধরলা নদীর পানির সেতু পয়েন্টে ২২ সেন্টিমিটার কমেছে।
হুমকির মুখে বন্যানিয়ন্ত্রণ বাঁধ: উজান থেকে নেমে আসা ঢলে গত কয়েক দিনে গাইবান্ধায় করতোয়া নদীর পানি বেড়েছে। এতে নদীভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। হুমকির মুখে পড়েছে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরপাড়া বালুয়া গ্রাম থেকে দেওয়ানতলা সেতু পর্যন্ত প্রায় দেড় কিমি নুরুল্যারবিল বন্যানিয়ন্ত্রণ বাঁধ। একই ইউনিয়নের চরপাড়া বালুয়া ও বোচাদহ এলাকায় বাঁধের ভাঙন তীব্র আকার ধারণ করেছে।
মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ জানান, এই বাঁধ ভেঙে গেলে মহিমাগঞ্জসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া জানান, চার দিন ধরে করতোয়া নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত চব্বিশ ঘণ্টায় করতোয়া নদীর পানি তিন সেমি বেড়েছে। স্থানীয় জনগণের সহায়তায় বাঁধ রক্ষার চেষ্টা চালানো হচ্ছে।
[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন সরাইল (ব্রাহ্মণবাড়িয়া), নেত্রকোনা, জয়পুরহাট ও গাইবান্ধা প্রতিনিধি এবং কুড়িগ্রাম অফিস