চার জেলায় তলিয়ে গেছে ২ লাখ একর জমির ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিদিনই সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও কিশোরগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। এসব জেলার হাওর এলাকায় বোরো খেত পানিতে তলিয়ে যাচ্ছে। স্থানীয় জেলা কৃষি অফিসের হিসাবে গতকাল সোমবার পর্যন্ত চার জেলায় প্রায় ২ লাখ একর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ আরও বেশি বলে কৃষকেরা বলছেন।

কৃষকদের অভিযোগ, ফসলরক্ষা বাঁধের কাজ সময়মতো শেষ না হওয়ায় ক্ষতির পরিমাণ বেড়েছে। বাঁধ নির্মাণের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখেন কৃষকেরা। জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে দুপুর ১২টা থেকে এই অবরোধ শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিকেল ৪টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। একই দাবিতে সুনামগঞ্জ পৌরসভার শহীদ মিনারের সামনের সড়কে বেলা ১১টায় সচেতন হাওরবাসীর ব্যানারে মানববন্ধন হয়। এ ছাড়া নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভার সামনের সড়কে ‘আমরা হাওরবাসীর সন্তান’ ব্যানারে মানববন্ধন হয়।

সুনামগঞ্জ কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলায় এক সপ্তাহ ধরে ভারী বর্ষণ হচ্ছে। একই সঙ্গে উজান থেকে নামছে পাহাড়ি ঢল। এ কারণে হাওর এলাকায় পানি বাড়ছে। গতকাল তাহিরপুর উপজেলার মহালিয়া, বলদা, গণিয়াকুড়ি, বরুয়া, গুলাঘাট ও গুরমার হাওরের ঢলের পানি ঢুকে ফসল তলিয়ে যায়। রোববার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও ফসলরক্ষা বাঁধ ভেঙে ১২টি হাওরের বোরো ধান তলিয়ে গেছে। এসব হাওরে প্রায় ৩০ হাজার একর জমির বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহেদুল হক বলেন, গতকাল বিকেল ৫টা পর্যন্ত ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ১ লাখ ৭ হাজার একর। ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

ধরমপাশা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি উপজেলার চন্দ্র সোনার থাল হাওরে শয়তানখালী ফসলরক্ষা বাঁধের বাঁশের বেড়ার ফাঁকা অংশ নিয়ে হাওরে পানি ঢোকে। মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত। দুই সপ্তাহ ধরে এখানকার বেশ কয়েকটি ফসলরক্ষা বাঁধ ভেঙে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ বলেন, নদ-নদীতে পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। গতকাল বিকেল ৪টা পর্যন্ত ৪৬টি হাওরের ৩৭ হাজার ৫০৭ একর বোরো জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ তথ্য পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন বলেছেন, সুনামগঞ্জের হাওরে পানির বিপৎসীমা সাড়ে ছয় মিটার। গতকাল দুপুর ১২টায় পানি ছিল সাড়ে সাত মিটারের ওপরে। বাঁধের কাজ কিছুটা দেরিতে শুরু করায় সময়মতো শেষ করা যায়নি। ফসল রক্ষার চেষ্টা অব্যাহত রয়েছে।

নেত্রকোনা জেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও পাউবো সূত্রে জানা গেছে, সুরমা, ধনু, কংশ, সোমেশ্বরী, মগড়াসহ প্রধান নদ-নদীগুলোর পানি হু হু করে বাড়ছে। ফসলরক্ষা বাঁধ ভেঙে এবং নদী-খাল-বিলের পানি উপচে প্রতিদিনই নতুন নতুন ফসলি এলাকা প্লাবিত হচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় গতকাল সন্ধ্যা পর্যন্ত ৩৪ হাজার ১৩৫ একর জমির বোরো ফসল তলিয়ে গেছে। গত শনিবার রাতে মোহনগঞ্জের হাইজদা বাঁধ ভেঙে ডিঙ্গাপুতা হাওরে পানি ঢোকে। খালিয়াজুরিতে গত রোববার সন্ধ্যা পর্যন্ত ১০টি ফসলরক্ষা বাঁধ ভেঙে গেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ আলম বলেন, মোহনগঞ্জ ও খালিয়াজুরিতে বেশ কয়েকটি হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে প্রায় সাড়ে ৪২ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব বাঁধ এখনো টিকে আছে, প্রশাসন এলাকাবাসীকে নিয়ে সেগুলো রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কিশোরগঞ্জ জেলা কৃষি অফিসের উপপরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, গতকাল সকাল পর্যন্ত তিন উপজেলার প্রায় ১০ হাজার ২৯৫ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। এখনো পানি বাড়ছে। কী পরিমাণ জমি পানিতে তলিয়ে গেছে, তা জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ফসলরক্ষা বিজয় বাঁধ ভেঙে পানি ঢুকেছে। এর ফলে ইটনা উপজেলার জয়সিদ্ধি ও এলংজুড়ি ইউনিয়ন, মিঠামইন উপজেলার ঢাকি, কাটখাল ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের প্রায় ছয় হাজার হেক্টর জমি এক দিনেই পানির নিচে তলিয়ে গেছে।

মৌলভীবাজারের জুড়ী ও কুলাউড়া উপজেলায় গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ হাজার ৮০০ একর জমির বোরো খেত তলিয়ে গেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে। গতকাল হাওরের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, বেশির ভাগ বোরো ধানের জমি তলিয়ে আছে। অনেকে জলমগ্ন জমি থেকে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু ও কাঁচা বাদাম তুলে নৌকায় ভরছেন। কুলাউড়ার কোরবানপুর গ্রামের মনজ্জির আলী বলেন, ‘১৫-২০ দিন গেলে ধান পাকি যাইত। চউখের সামনে নয় কিয়ার খেত ডুবল। খালি চাইয়া চাইয়া দেখলাম।’

কুলাউড়ার কৃষি কর্মকর্তা জগলুল হায়দার বলেন, হাকালুকি হাওরের পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদী দিয়ে নিষ্কাশিত হয়। কিন্তু কুশিয়ারায় পানি বেড়ে যাওয়ায় হাকালুকির পানি দ্রুত নামতে পারছে না।

{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সুনামগঞ্জ অফিস এবং ধরমপাশা, নেত্রকোনা, জুড়ী (মৌলভীবাজার) ও কিশোরগঞ্জ প্রতিনিধি}