চার শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র মাঠটি জলাবদ্ধ

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বৃষ্টির পানিতে একটি খেলার মাঠ প্রায় দুই মাস থেকে জলাবদ্ধ হয়ে আছে। ফলে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর খেলাধুলা-অ্যাসেম্বলি বন্ধ রয়েছে। এসব শিক্ষার্থীর পাশাপাশি এলাকাবাসীকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মাঠটি উপজেলার খুবজীপুর ইউনিয়নের‘আবদুল হামিদ স্মৃতি কমপ্লেক্স’-এর। এ কমপ্লেক্সেচারটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে—খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুবজীপুর উচ্চবিদ্যালয়, খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজ ও খুবজীপুর তরিব উদ্দিন দাখিল মাদ্রাসা। এ ছাড়া রয়েছে নজরুল প্রগতি সংঘ ও চলনবিল জাদুঘর। আর মাঠের সঙ্গেই রয়েছে খুবজীপুর বাজার।
স্থানীয় ব্যক্তিরা বলছেন, মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কার না করা এবং পানি নিষ্কাশনের নালা বন্ধ করে খুবজীপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানাপ্রাচীর নির্মাণ করা জলাবদ্ধতার মূল কারণ। কিন্তু জলাবদ্ধতা নিরসনে বাস্তবভিত্তিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, মাঠটির বেশির ভাগ অংশই জলমগ্ন হয়ে আছে। অল্প কিছু অংশে পানি না থাকলেও তা কর্দমাক্ত ও স্যাঁতসেঁতে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না।
আবদুল হামিদ স্মৃতি কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ও খুবজীপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র তরফদার বলেন, তাঁর প্রতিষ্ঠানে ১ হাজার, কলেজে ৫৬০, প্রাথমিক বিদ্যালয়ে ৫২৫ ও দাখিল মাদ্রাসায় ৩৫০ জন ছাত্রছাত্রী রয়েছে। গত দুই মাস মাঠটি জলাবদ্ধ হয়ে পড়ায় এসব শিক্ষার্থী খেলাধুলা করতে পারছে না। একই সঙ্গে তাদের অ্যাসেম্বলিও হচ্ছে না। সেই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়ায় চরম দুর্ভোগ হচ্ছে।
খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলায় ২০১৬ সালে উপজেলার মধ্যে সেরা হয়েছিল। সেবার জেলা পর্যায়েও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সাফল্য পায়। কিন্তু এ বছর মাঠে পানি জমে থাকায় খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা। ফলে এ বছর তারা পিছিয়ে পড়বে বলে আশঙ্কা করছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রীনা রানী সরকার।
স্কুল ও কলেজের কয়েকজন শিক্ষার্থী বলে, তারা বাড়িতে বদ্ধ পরিবেশে থাকে, আবার বিদ্যালয়ে এসে শ্রেণিকক্ষেও একই অবস্থা। দ্রুত মাঠটি সংস্কার করার দাবি জানায় তারা।
স্থানীয় বাসিন্দা ও নাটোর জেলা ক্রীড়া সংস্থার সদস্য মিজানুর রহমান বলেন, মাঠটি শুধু স্কুল-কলেজের ছাত্রছাত্রীদেরই নয়, ইউনিয়নের সব মানুষের খেলার, বসার ও বিনোদনের জায়গা। এই মাঠে ফুটবল ও অ্যাথলেটিকসের পাশাপাশি অন্যান্য খেলাধুলার নিয়মিত চর্চা হয়। এ মাঠে খেলাধুলা করেই এলাকার শতাধিক যুবক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রেখেছেন।
এদিকে কিছুদিনের মধ্যে এই মাঠে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু মাঠে জলাবদ্ধতার কারণে সেই টুর্নামেন্ট নিয়ে সংশয় দেখা দিয়েছে।
স্থানীয় চলনবিল মেধাবিকাশ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের শিক্ষক গোলাম মোস্তফা বলেন, গুরুত্ব বিবেচনায় নিয়ে মাঠটি জরুরিভাবে সংস্কারের জন্য খুবজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, অর্থবছর শেষ হওয়ার কারণে মাঠ সংস্কার ও নালা নির্মাণ সম্ভব হয়নি। নতুন অর্থবছরে অগ্রাধিকারের তালিকায় রেখে মাঠটির জন্য বরাদ্দ দেওয়া হবে।