চিড়িয়াখানায় জেব্রা ও উটপাখির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় চিড়িয়াখানায় ছিল পাঁচটি জেব্রা। গতকাল এবং গত ২৩ অক্টোবর এর দুটি মারা গেছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
জাতীয় চিড়িয়াখানায় ছিল পাঁচটি জেব্রা। গতকাল এবং গত ২৩ অক্টোবর এর দুটি মারা গেছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় গতকাল সোমবার ভোররাতে একটি দুর্লভ জেব্রা মারা গেছে। এর আগে ২৩ অক্টোবর একটি জেব্রা ও ২৮ অক্টোবর একটি উটপাখি মারা যায়। এদিকে জ্বর ও পেটের পীড়ায় অসুস্থ হয়ে পড়েছে বাঘশাবক ‘টোকিও’।
চিড়িয়াখানার সূত্র বলেছে, গত শুক্রবার থেকে টোকিও অসুস্থ। কয়েকবার পাতলা পায়খানার পর শনিবার খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিল। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জরুরি মেডিকেল বোর্ড বসিয়ে টোকিওর চিকিৎসা দেয়। চিড়িয়াখানার একজন প্রাণী চিকিৎসক বলেছেন, টোকিওকে অ্যান্টিবায়োটিক ও প্রয়োজনীয় ওষুধপথ্য দেওয়া হচ্ছে।
চিড়িয়াখানার কিউরেটর এস এম নজরুল ইসলাম টোকিওর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘টোকিওর অসুস্থতায় আমাদের তো কান্নাকাটি অবস্থা। ও খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিল। এখন সে সুস্থ আছে।’
গত ২৩ আগস্ট চিড়িয়াখানায় বেঙ্গল টাইগার রণবীর-জ্যোতির ঘরে টোকিও নামের পুরুষ শাবকটির জন্ম হয়। রাষ্ট্রীয় বন্ধুত্বের নিদর্শন হয়ে রণবীর-জ্যোতির জাপানে যাওয়ার কথা ছিল। তবে যাওয়া হয়নি। এর মধ্যে জ্যোতি মা হয়। ২৪ আগস্ট চিড়িয়াখানায় গিয়ে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সচিব শেলিমা আফরোজা (বর্তমানে অবসরে) জাপানের রাজধানী টোকিওর নাম অনুসারে শাবকটির নাম দেন টোকিও।
চিড়িয়াখানার সূত্র বলেছে, ২৪ দিনের ব্যবধানে মারা যাওয়া দুটি জেব্রাই পুরুষ। এর মধ্যে গতকাল মারা যাওয়া জেব্রাটির বয়স হয়েছিল প্রায় আট মাস। এই চিড়িয়াখানাতেই জেব্রাটির জন্ম হয়েছিল। আর মারা যাওয়া উটপাখিটি ছিল মাদি। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকা থেকে তিনটি উটপাখি কেনা হয়েছিল। একেকটির দাম পড়েছিল প্রায় চার লাখ টাকা। এখন চিড়িয়াখানায় আর তিনটি জেব্রা ও দুটি উটপাখি থাকল।

সঙ্গীহীন দুটি উটপাখি। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
সঙ্গীহীন দুটি উটপাখি। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

গতকাল মারা যাওয়া জেব্রার মৃত্যুর কারণ জানা যায়নি। জেব্রাটির রোগ শনাক্ত করার জন্য নমুনা পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের কেন্দ্রীয় পশুরোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র বলেছে, উটপাখির শরীরে আঘাতের চিহ্ন ছিল। তবে ২৩ অক্টোবর মারা যাওয়া জেব্রাটির পেটে ব্যাকটেরিয়াল ইনফেকশন পাওয়া গেছে বলে গবেষণাগার সূত্র জানিয়েছে।
জানতে চাইলে কিউরেটর এস এম নজরুল ইসলাম বলেন, ‘আমি ৯ নভেম্বর দায়িত্ব নিয়েছি। পরপর কয়েকটি প্রাণীর মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেব্রার শেড স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ওই শেডের ব্যাকটেরিয়া প্রতিরোধে এক স্তর মাটি তুলে সেখানে চুন ছিটিয়ে কয়েক ইঞ্চি বালুও ফেলা হয়েছে।’
এর আগে ১৩ অক্টোবর ‘প্রমীলা’ নামে একটি বেঙ্গল টাইগারসহ ছয় মাসে অন্তত ছয়টি বৃহৎ দুর্লভ প্রাণী মারা গেছে। অন্য প্রাণীগুলো হলো দক্ষিণ আফ্রিকা থেকে কেনা শিম্পাঞ্জি, জিরাফ, সিংহ, ওয়াইল্ডবিস্ট ও জলহস্তী। এর মধ্যে কেবল শিম্পাঞ্জির মৃত্যুর কথা নিশ্চিত করেছিলেন চিড়িয়াখানার তৎকালীন কিউরেটর এনায়েত হোসেন।
চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, বর্তমানে মাংসাশী, ক্ষুদ্র স্তন্যপায়ী ও সরীসৃপ, তৃণভোজী বৃহৎ প্রাণী ও পাখি—এই চার শাখায় ১১৪ প্রজাতির ১ হাজার ৭২৫টি পশুপাখি আছে চিড়িয়াখানায়। এর মধ্যে ১ হাজার ১৭১টিই পাখি।