চিতাবাঘের জীবন্ত রেপ্লিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিতাবিড়ালের এই ছবি সম্প্রতি সুন্দরবন থেকে তুলেছেন আদনান আজাদ
চিতাবিড়ালের এই ছবি সম্প্রতি সুন্দরবন থেকে তুলেছেন আদনান আজাদ

বাংলাদেশের সবচেয়ে ছোট এই বুনো বিড়ালটি সত্তর-আশির দশকেও সুন্দরবন-সংলগ্ন গ্রামীণ জনপদের গহিন-গভীর গ্রামীণ বনে টিকে ছিল। সুন্দরবনে তো ছিলই, আছে আজও। আছে বৃহত্তর চট্টগ্রাম-সিলেটের পাহাড়-টিলাময় গভীর বনে ও দেশের উত্তরে গারো পাহাড়শ্রেণিতে। সুদর্শন নিশাচর, বৃক্ষবাসী, তুখোড় শিকারি এই প্রাণীদের প্রধান খাবার হলো ছোট ও মাঝারি পাখি এবং তাদের ডিম-ছানা, কচ্ছপ ও গুইসাপের ডিম বা বাচ্চা, ইঁদুর-কাঠবিড়ালি, গিরগিটি-কেঁচো-ব্যাঙ-কাঁকড়া। এরা বাঘের মতো ধাওয়া করে হরিণ শিকারের কৌশলে বুনো খরগোশ শিকার করে। ওত পেতে থেকে শিকারের আগে, এরা বাঘের মতো লেজে পাক খাওয়ায়, প্রথম দেখাতেই মনে হবে এটি চিতাবাঘের জীবন্ত রেপ্লিকা বা ক্ষুদ্র সংস্করণ। চিতাবাঘের শরীরের গোলগাল ছোপ ও বুটি এদের শরীরেও রয়েছে।

অপেক্ষাকৃত লম্বাটে পাওয়ালা এই বিড়ালটি লম্বা লম্বা লাফে পগার পার হতে ওস্তাদ। শ্রবণ ও দৃষ্টিশক্তিও প্রবল-প্রখর এদের।

দিন কাটাবে ঝিমিয়ে-ঘুমিয়ে বড় গাছের তে-ডালার মাঝখানের গামলার মতো জায়গাটায়, লতা-ঝোপে আষ্টেপৃষ্ঠে ঢাকা গাছের ডালে বা কোটরে-খোঁড়লে ও অন্যান্য জায়গায়। যেখানে দিন কাটায়, সাধারণত সেই সব জায়গাতেই এরা ছানা তোলে। ছানা তোলার মৌসুম বসন্ত-গ্রীষ্মকাল। ৬০-৭০ দিন গর্ভধারণের পর মেয়েটি ২-৪টি ছানা প্রসব করে। ছানাদের বয়স দেড় বছর হলে ওরা স্বাবলম্বী হয়। খাঁচাবন্দী বা পোষা অবস্থায়ও ছানা দেয়।

দুর্লভ-সুদর্শন এই বুনো বিড়ালটির নাম চিতাবিড়াল। ইংরেজি নাম Leopard Cat. বৈজ্ঞানিক নাম prionailurus bengalensis. দৈর্ঘ্য ৩৯-৬৬ সেন্টিমিটার। লেজ ১৭-৩১ সেন্টিমিটার। ওজন ৩-৪ কেজি।

এমনিতে শরীরের চামড়ার রং এদের বাদামি-হলুদাভ, বুক-গলা-পেট-নাকের পাশের জায়গাটুকুসহ চিবুকও সাদা। সুন্দরবনের বাঘের দুকানের পেছনের গোলাকার দুটি সাদা ছোপের মতো এদের কানের পেছনেও সাদা ছোপ আছে। চোখের ওপর থেকে দুটি হলুদাভ-বাদামি টান বয়ে গেছে মাথার ওপর দিয়ে ঘাড় পর্যন্ত। শীতকাতুরে এরা।