চিত্রল খঞ্জর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ্তাই জাতীয় উদ্যানের রাম পাহাড় এলাকার ছড়ার পাশে চিত্রল খঞ্জর প্রজাপতি l ছবি: লেখক
কাপ্তাই জাতীয় উদ্যানের রাম পাহাড় এলাকার ছড়ার পাশে চিত্রল খঞ্জর প্রজাপতি l ছবি: লেখক

রোদ-ঝলমলে সকাল। কাপ্তাই জাতীয় উদ্যানের রাম পাহাড়ের ক্ষীণধারার সর্পিল ছড়া ধরে হাঁটছি। ছড়ার পানিতে রোদের আলো পড়ায় নানা প্রজাতির ফড়িং ও প্রজাপতির আনাগোনা বেড়ে গেছে। পাশের ভেজা বালুমাটিতে অতি সুন্দর এক পতঙ্গ দেখলাম। এর আগে ওকে একবারই দেখেছি, এই কাপ্তাইয়েই। কাছাকাছি আসতেই ছবি তুললাম। ২৪ ডিসেম্বরের ঘটনা এটি।

অতি সুন্দর এই পতঙ্গটি এ দেশের এক বিরল প্রজাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক ড. বাশার ওর নাম দিয়েছেন চিত্রল খঞ্জর। ইংরেজি নাম Spot Swordtail। Papilionidae পরিবারভুক্ত প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম graphium nomius.

চিত্রল খঞ্জর মাঝারি থেকে বড় আকারের প্রজাপতি। প্রসারিত অবস্থায় সামনের এক ডানার প্রান্ত থেকে অন্য ডানার প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য ৭৫-৯০ মিলিমিটার। এরা মূলত নীলচে-সাদা প্রজাপতি। সামনের ডানায় পাঁচটি কালো ডোরা। পেছনের ডানার ওপর মাঝামাঝি দুটি কালো ডোরা। ডানার কিনারা কালো ও তাতে চেইনের মতো সাদা ফোঁটা থাকে। তবে ডানার মূল রং হলুদ এবং ডোরা ও কিনারা বাদামি। পেছনের ডানার নিচে মাঝামাঝি লাল ফোঁটার লাইন রয়েছে। লম্বা লেজের কিনারা সাদা। দেহ সাদা, ওপরটা কালো ও দুই পাশ হলদে-কালো। শুঁড়, শুঙ্গ ও চোখ গাঢ় কালো। পা সাদা।

চিত্রল খঞ্জর সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র-চিরসবুজ ও ঢাকা বিভাগের শুকনো পত্রঝরা বনের বাসিন্দা। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বেশ সক্রিয় থাকে। তবে মার্চ-এপ্রিলে প্রাচুর্য বেশি। বেশ লাজুক, তবে সতর্কও বটে। সচরাচর ভূমির কাছাকাছি ওড়ে। ফুলে ফুলে উড়ে বেড়াতে দেখা যায়। দল বেঁধে ভেজা বালুর রস চোষে।

স্ত্রী দেবদারু, গান্ধীগজারি প্রভৃতি গাছেরকচি পাতা বা কুঁড়ির ওপর দিক বা কিনারায় পাতাপ্রতি একটি করে ডিম পাড়ে। ডিম ফুটে কালো রঙের যে শুককীট বের হয়, তার দেহতল সবুজ ও প্রস্থ বরাবর সাদা ডোরা রয়েছে। শুককীট পাঁচবার খোলস পাল্টে মেটে-বাদামি মূককীটে পরিণত হয়। মূককীট লেজের মাধ্যমে পাথরের নিচ, ফাটল বা গাছের মূলের সঙ্গে লেগে থাকে।

 এ দেশে বর্তমানে এরা বিপন্ন প্রাণীর তালিকাভুক্ত হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভুটান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনামে এরা রয়েছে।