চিত্রা ইগল বা দস্যুবাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দস্যুবাজ l ছবি: আ ন ম আমিনুর রহমান
দস্যুবাজ l ছবি: আ ন ম আমিনুর রহমান

একটি পরিত্যক্ত চিংড়িঘেরের জলে একত্রে চরছে চার প্রজাতির অন্তত ৩১টি পাখি। একটু দূরে একাকী একটি মেটেহাঁস চরছে একগুচ্ছ জলজ ঘাসের গোড়ায়। এক জোড়া ছোট সরালী হাঁস মাঝ আকাশে কেবলই ওড়াউড়ি-ডাকাডাকি করছে, হয়তোবা ছানাদের হারিয়ে ফেলেছে ওরা।
দূরের একটা মরা তালগাছের মাথায় এই সাতসকালে এসে বসল একটি বড়সড় শিকারি পাখি। ওদিকের হোগলাবনের শালিকেরা সতর্কসংকেত দিল। ঘেরের পাখিগুলো ঘাড়-মাথা টান টান করে সতর্ক হয়ে গেল। ওদিকের নলখাগড়া ঘাসের ডগায় বসে সমানে সতর্কসংকেত দিয়ে চলেছে এক জোড়া নলটুনি পাখি। শিকারি পাখিটি এমনভাবে চুপচাপ বসে রইল যেন ‘ভাজা মাছটিও উল্টে খেতে জানে না’। শ্যেনদৃষ্টি তার ঘেরের জলে ভাসমান পাখিদের দিকে।
থেমে গেল শালিক-নলটুনির সতর্কবার্তা। ঘেরের পাখিরা আবার সচল হলো। শিকারি পাখিটা সাবধানে উড়াল দিয়ে অনেকটা ওপরে উঠে সতর্ক ভঙ্গিতে ঘুরপথে ঘেরটির মধ্যখানে আকাশে এসে পড়ল। টার্গেট স্থির করেই জঙ্গি বিমানের মতো বাঁক খেয়ে তিরবেগে নেমে এল নিচের দিকে। জলের পাখিগুলো জলে তীব্র আলোড়ন তুলে ডুব দিল জলের তলায়। তবু জলে ছোঁ মারল ডাকাত পাখিটা। একটু জল ছিটকে উঠল শুধু। পাখিটা চক্রাকারে ঘুরে এসে আকাশেই রইল। সে তো জানে, ভেসে ওদের উঠতেই হবে! বালিহাঁস ছানারা এই ভাসছে এই ডুব দিচ্ছে। পানকৌড়িরাও তা-ই করছে। এ সময় নাকের ডগায় ভুস করে ভেসে উঠল একটি কালকুঁচ, মুহূর্তেই দুনখরে গেঁথে উড়ে গিয়ে বসল সেই মরা তালগাছটির মাথায়।
শিকারি এই পাখিটির নাম বড় চিত্রা ইগল। সেই কৈশোরকাল থেকে এদের দেখছি। সর্বশেষ এই ঘটনাটি দেখলাম বাগেরহাটের চিতলমারী অংশের বিল কোদালিয়ায়—গেল সেপ্টেম্বরে। ঘেরপাড়ের নলখাগড়া বনে বসে ছিলাম আমরা।
বৃহত্তর খুলনা অঞ্চলে পাখিটির একাধিক স্থানীয় নাম আছে। জলচর পাখিখেকো পরিযায়ী এই শিকারি পাখিটি ডাকাতের মতো হামলা করে জলচর পাখিদের ঝাঁকে। চিতার মতো এরা টার্গেট পাখিটিকে দল থেকে বিচ্ছিন্ন করে ফেলে। কুশলী শিকারি এরা। বুকভরা সাহস এদের। চোখভরা রোষ। আধা কেজি-এক কেজি ওজনের পাখি শিকার এদের কাছে ডালভাত ব্যাপার। একনজরে এরা বিশাল ডানার ঘন-বাদামি রঙের পাখি। কালো রঙের ঠোঁটের গোড়া হলুদ। পা দুখানা ঘন লোমে আবৃত। পা হলুদাভ। কণ্ঠস্বর ‘কি-ই-য়াক’ ধরনের। ডাক শুনলে বা ডানার ছায়া দেখলে নিরীহ পাখিদের পিলে চমকে যায়। অবশ্য ঘের মালিকদের কাছে এরা ‘মাছরক্ষক’ পাখি বা আকাশ পাহারাদার। দু-পাঁচজন ঘের মালিক আমাকে বলেছেন, এরা তো মাছখেকো পাখিদের কাছে দারোগা। বাগেরহাট অঞ্চলে এদের নানা নাম: দস্যুবাজ, দস্যুরাজ, ঝোড়োবাজ ও ডাকাতে বাজ। এটির ইংরেজি নাম Greater Spotted Eagle। বৈজ্ঞানিক নাম aquilla clang। মাপ ৬৭ সেমি। সুন্দরবন অঞ্চলসহ দেশের হাওর-বিলে এদের নিয়মিত দেখা যায়। এদের আমি জলজ সাপসহ কাছিমের বাচ্চাও খেতে দেখেছি। এরা আক্রমণে আসে ঝড়ের বেগে।