চুক্তিতে গতি চায় ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্যারিসের জলবায়ু সম্মেলনে অর্থবহ কিছু দেখতে চায় ফ্রান্স। আয়োজক দেশটি বলেছে, তারা চায় দ্রুততার সঙ্গে চুক্তির প্রক্রিয়াটি এগিয়ে যাক। সম্মেলনের তৃতীয় দিনে গতকাল বুধবার তাদের এই শক্ত বার্তা জানিয়ে দেয় ফ্রান্স।
এদিকে জলবায়ু আলোচনায় গতকাল বাংলাদেশ প্রতিশ্রুতি দিয়েছে, উপযুক্ত সহায়তা পেলে ১৫ শতাংশ পর্যন্ত কার্বন উৎপাদন হ্রাস করবে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফেবিয়াস সম্মেলন আয়োজনস্থল লো বুর্জেতে এক পার্শ্ব আলোচনায় এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমার কথা খুব পরিষ্কার। চুক্তির প্রক্রিয়া খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। কেননা, আমাদের অনেক কাজ বাকি আছে।’
লঁরা ফেবিয়াস বলেন, ‘সমঝোতার বিকল্পগুলো যত দ্রুত সম্ভব আমাদের বের করতে হবে। গত সোমবার বিশ্বের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা আমাদের এক সুরে ম্যান্ডেট দিয়েছেন। আমাদের সফল হতেই হবে।’
গত সোমবারের কপ-২১ নামে পরিচিত জলবায়ু সম্মেলনের উদ্বোধনী দিনে বিশ্বের ১৫০টির বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা অংশ নেন। তাঁদের প্রায় সবাই প্যারিস ত্যাগ করেছেন। এখন বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধি এবং সমঝোতাকারীরা কার্বন নিঃসরণ কমাতে একটি চুক্তির খসড়া তৈরিতে ব্যস্ত। চুক্তির লক্ষ্য, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির মাত্রা এ শতাব্দীর শেষ নাগাদ ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা।
এই সম্মেলন শেষ হবে ১১ ডিসেম্বর। কিন্তু চুক্তি সম্পাদনের প্রক্রিয়া খুব জটিল। খুঁটিনাটি বিষয় নিয়ে যে বিশাল রকমের তর্ক হবে, তাতে নির্ধারিত সময়ে এটি সম্ভব হবে কি না, তা নিয়েও প্রশ্ন আছে।
চুক্তির একটি খসড়া দাঁড় করাতে সরকারের প্রতিনিধিদের সময় বেঁধে দেওয়া আছে আগামী শনিবার দুপুর পর্যন্ত। এরপর সেই খসড়া বিভিন্ন দেশের পরিবেশমন্ত্রীদের হাতে তুলে দেওয়া হবে। চুক্তির জন্য রাজনৈতিক আলোচনায় বসবেন মন্ত্রীরা।
১৫ শতাংশ কার্বন নিঃসরণের প্রতিশ্রুতি বাংলাদেশের: একটি দেশ জলবায়ু পরিবর্তন রোধে কার্বন নিঃসরণে কতটুকু ভূমিকা রাখবে তাকেই বলে সে দেশের জাতীয়ভাবে প্রতিশ্রুত অবদান বা ইনটেনডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (আইএনডিসি)। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্যানেল ইউএনএফসিসিসির কাছে গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন আইএনডিসি বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেছে। তাতে তারা নিজস্ব অর্থায়নে ৫ শতাংশ ও আন্তর্জাতিক সহায়তা পেলে ১৫ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার করেছে। যদিও প্রতিবেদন অনুযায়ী বিশ্বের বছরে নিঃসরণ হওয়া কার্বনের দশমিক ৩৫ শতাংশ বাংলাদেশ থেকে হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামালউদ্দিন আহমেদ।
শীর্ষ ১০ কার্বন নিঃসরণকারী দেশ: যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপানসহ বিশ্বের ৬৬ শতাংশ কার্বন নিঃসরণকারী ১০টি শিল্পোন্নত দেশ ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণের যে প্রস্তাব দিয়েছে, তাতে শুভংকরের ফাঁকি রয়েছে। ‘ফেয়ার শেয়ারস: এ সিভিল সোসাইটি ইক্যুইটি রিভিউ অব আইএনডিসি’ শীর্ষক এক প্রতিবেদনে এমন মন্তব্য করেছে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলো।
গতকাল ১৭টি আন্তর্জাতিক সংস্থা যৌথভাবে আইএনডিসি বিষয়ে একটি পর্যালোচনা প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পোন্নত রাষ্ট্রগুলো যে পরিমাণ কার্বন নিঃসরণের অঙ্গীকার করেছে তা যদি শতভাগও বাস্তবায়িত হয়, তাহলেও বিশ্বের তাপমাত্রা এই শতাব্দীর মধ্যে ৩ ডিগ্রির চেয়ে বেশি বাড়বে। সংস্থাগুলো বিশ্বের প্রধান কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়াকে ২০৮০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার পরামর্শ দিয়েছে। উদীয়মান অর্থনীতির ও অন্যতম প্রধান কার্বন নিঃসরণকারী দেশ চীন, ইন্দোনেশিয়া ও কেনিয়াকে দুই-তৃতীয়াংশ কার্বন নিঃসরণ কমানোর জন্য বলেছে অক্সফাম, অ্যাকশনএইড, কেয়ার, ৩৫০ ডিগ্রি, ক্রিশ্চিয়ান এইডসহ ১৭টি সংস্থা।
প্যারিসে আসা বাংলাদেশ দলের অন্যতম সমঝোতাকারী অধ্যাপক মিজান আর খান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মতো প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলো যে অঙ্গীকার করেছে, তা সত্যিই দুঃখজনক। তাদের নিঃসরিত কার্বনের কারণে বাংলাদেশের মতো কম আয়ের দেশ তো বটেই, ধনী দেশগুলো নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে তাদের নিজেদের এবং পৃথিবীর টিকে থাকার স্বার্থে কার্বন নিঃসরণের পরিমাণ ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ৫০ শতাংশ কমানো উচিত।