চুয়াডাঙ্গায় গরমে অতিষ্ঠ মানুষ...
দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সেখানে গতকাল রোববার বেলা তিনটায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমেরও সর্বোচ্চ তাপমাত্রা। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে, অন্যান্য বছরে মে মাসের মাঝামাঝি গরমের তীব্রতা বাড়লেও এবার এক মাস আগে থেকেই তা শুরু হয়েছে। ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গায় স্বাধীনতার পর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়—৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ২০১২ সালের ১৪ মে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ২০১৪ সালের ১৮ মে ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
গত চার দিন থেকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেড়ে যাওয়ায় জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন ঘন লোডশেডিং নতুন দুর্যোগ সৃষ্টি করেছে। তপ্ত রোদের গরমে জীবিকা নির্বাহের জন্য রাস্তায় বের হওয়া খেটে খাওয়া মানুষগুলোর কাহিল অবস্থা। রাস্তাঘাটে লোকজন চলাচল কমে গেছে। দুপুরের আগেই শহর ফাঁকা হয়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। গরমজনিত রোগবালাই বেড়ে চলেছে।
চুয়াডাঙ্গা বড় বাজারে প্রতিদিন শতাধিক দিনমজুর জড়ো হন কাজের জন্য। কিন্তু আজ সোমবার সকালে মাত্র ২০-২২ জন দিনমজুরকে দেখা যায়। সদর উপজেলার মাছের দাইড় গ্রামের দিনমজুর কুদরত আলী বলেন, ‘ভ্যাপসা গরমে কারণে গেল চার-পাঁচ দিন ধইরে লোকজন কাজে বেরাচ্চে না।’ একই কারণে রিকশা চলাচলও কমে গেছে। দৌলাতদিয়াড় গ্রামের রিকশাচালক আবদুল মালেক বলেন, ‘য্যারাম গরম পড়চে, তাতে রিশকা চালাতি গেলি গা পুইড়ে ঝলসি যাচ্চে। লোকজন বাজারে তেমন বের হচ্চে না। তাই আয়-রুজগারউ কুইমে গিয়েচে।’
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে তীব্র গরমের কারণে সকালে পাঠদান চালু করা হলেও জেলা শহরের দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুই পালা চালু থাকায় সেখানকার শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুটি বিদ্যালয়ের রয়েছে খাওয়ার পানির সংকট। দুই সহস্রাধিক শিক্ষার্থীর জন্য মাত্র একটি করে নলকূপ রয়েছে। ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মাহমুদ আল আরাফাত জানায়, গরমে প্রতিদিন একাধিক ছাত্র অসুস্থ হয়ে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক দাবি করেন, স্কুল চলাকালে বিদ্যুতের আসা-যাওয়া এবং গরমে গা ঘেমে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস জানান, গরমের কারণে বিদ্যালয়ে অনুপস্থিতির হার বেড়েই চলেছে। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া ইসলাম জানায়, তাদের শ্রেণিতে ছয়টি বৈদ্যুতিক পাখার মধ্যে তিনটিই দীর্ঘদিন ধরে নষ্ট, যে কারণে ছাত্রীরা শেষের দিকের বেঞ্চে বসতে প্রতিযোগিতায় নামে। গতকাল জান্নাতুল রওজাসহ অষ্টম শ্রেণির বেশ কয়েকজন ছাত্রী গরমে অসুস্থ হয়ে পড়ে। দশম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া দাবি করে, গরম চলাকালে দৈনিক অর্ধেক স্কুল করলে ভালো হয়।
সদর হাসপাতালে শিশু বিভাগের পরামর্শক মাহবুবুর রহমান প্রথম আলোকে জানান, গরমের কারণে শিশুরা ব্যাকটেরিয়াল ডায়রিয়া এবং গায়ে ঘাম বসে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর চুয়াডাঙ্গার পর্যবেক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। আবহাওয়া অধিদপ্তর ওই দিন তাপমাত্রা রেকর্ড করেছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, আরও দু–এক দিন তাপমাত্রা তীব্রতা থাকবে।