চুয়াডাঙ্গায় ঝড়ে বসতবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। ছবি: শাহ আলম
শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। ছবি: শাহ আলম

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে শতাধিক ঘরবাড়ি এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে ৮০ থেকে ৮৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
ঝড়ে শতাধিক ঘরবাড়ি ভেঙে গৃহহীন হয়ে পড়েছেন অনেকেই। বৈদ্যুতিক খুঁটি উপড়ে ও লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে বোরো ধান, ভুট্টা, সবজি, তিল, মুগ, পেঁপে, পান, আম ও কলার ব্যাপক ক্ষতি হয়েছে।
পশ্চিমাঞ্চল বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ওজোপাডিকো) চুয়াডাঙ্গার নির্বাহী পরিচালক মো. সবুক্তগীন বলেন, ঝড়ে ১১ কেভির পাঁচটি বৈদ্যুতিক খুঁটিসহ ১৩টি খুঁটি উপড়ে গেছে, হেলে পড়েছে আরও ২০টি খুঁটি। বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এত বিপর্যয়ের মধ্যেও পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ অব্যাহত রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক নির্মল কুমার দে বলেন, ঝড় ও শিলাবৃষ্টিতে আমের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, ২ হাজার ৬৪৬ হেক্টর বোরো ধান, ৩৯ হেক্টর সবজি, ১৮ হেক্টর পেঁপে, ৩০ হেক্টর পান, ৩০ হেক্টর তিল, ৫০ হেক্টর মুগখেত ও ৪৪০ হেক্টর আমবাগান ঝড়ে আক্রান্ত হয়েছে। তিনি বলেন, ঝড়ে ধান নুইয়ে পড়লেও বড় ধরনের ক্ষতি হবে না।
আজ ক্ষতিগ্রস্ত এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, গতকালের ঝড়ে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শিলাবৃষ্টি ক্ষতি করেছে দামুড়হুদা ও জীবননগর উপজেলায়। সদর উপজেলার বেলগাছি বকচর পাড়া ও পৌর এলাকার নুরনগর কলোনি এলাকাতেই শতাধিক ঘরবাড়ির চাল উড়ে গেছে। ভেঙে গেছে কাঁচা ও আধপাকা দেয়াল। রাস্তার দুই ধারের অসংখ্য গাছ উপড়ে পড়েছে। গাছের ডাল বৈদ্যুতিক তারের ওপর পড়ায় তারসহ বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। এ কারণে ওই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি।

রাস্তার ওপর গাছ উপড়ে পড়ায় চলাচলে সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা। ছবি: শাহ আলম
রাস্তার ওপর গাছ উপড়ে পড়ায় চলাচলে সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা। ছবি: শাহ আলম


বেলগাছি গ্রামের বাসিন্দারা বলেন, তাঁদের জীবদ্দশায় ওই গ্রামে ঝড়-বৃষ্টিতে কখনো এমন ক্ষতি হয়নি। পাখির অভয়াশ্রম হিসেবে পরিচিত গ্রামটিতে কয়েক শ পাখি মারা পড়েছে।
আলমডাঙ্গা উপজেলার কান্তপুর গ্রামের বাসিন্দা আক্কাস আলী বলেন, ৩০ বছর আগে ঝড়ে গ্রামে এমন ক্ষতি হয়েছিল। গতকাল ঝড়ের সময় একই উপজেলার মাজহাদ গ্রামের দেয়াল চাপা পড়ে সহিরন নেছা নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রথম আলোকে বলেন, তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতি নিরূপণ চলছে। ঝড়ে নিহত নারীর পরিবারকে সাহায্য করা হবে।