চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে মাঘের ‘বাঘ পালানো’ শীতের কিছুটা অনুভূতি পেয়েছিল সারা দেশ। হঠাৎ বৃষ্টিকে সঙ্গী করে আসা সেই শীতের অনুভূতি আরও তীব্র হলো শৈত্যপ্রবাহে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, সীতাকুণ্ড এবং রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬, রাজশাহীতে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
অবশ্য এমন তীব্র শীত ও শৈত্যপ্রবাহ আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবারও থাকতে পারে বলে জানালেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি প্রথম আলোকে বলেন, আগামী বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। মাসের শেষের দিকে নামতে পারে বৃষ্টি। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আরেক দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ দিনে তাপমাত্রা বেড়ে কিছুটা রোদের দেখা মিললেও রাতে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বরং আরও বাড়তে পারে।
আফগানিস্তান থেকে আসা পশ্চিমা হিমেল হাওয়া ও উত্তর প্রদেশের শীতল বায়ু ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। তারা বলছে, এই বাতাসের প্রবাহ আরও এক সপ্তাহ থাকতে পারে। ফলে পূর্ব ভারত ও বাংলাদেশে তীব্র শীতের অনুভূতি থাকবে।
প্রতিদিনই তাপমাত্রা কমে যাওয়ায় তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চল। সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে আকাশ। রাজশাহী শহরে গতকাল বেলা ১১টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। ঢাকা-রাজশাহী মহাসড়কে ভারী যান চলাচল করছে আলো জ্বালিয়ে। প্রচণ্ড শীতে কাতর হয়ে পড়েছেন কর্মজীবী মানুষ ও শিশু। শীতের কারণে মানুষের চলাফেরা ও কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা।
চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গতকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত ঘন কুয়াশায় অনেকটা ঝুঁকি নিয়ে দূরপাল্লা ও অভ্যন্তরীণ পথে যানবাহন চলতে দেখা যায়।
শহরের হকপাড়া বস্তির বাসিন্দা আরমানী বেগম বলেন, শীতে বস্তির বাসিন্দারা খুবই কষ্টে আছে। সেখানে শীতবস্ত্রের খুবই অভাব।
গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র স্টাফ নার্স মালেকা বেগম বলেন, ওই ওয়ার্ডে ১৩ শয্যার বিপরীতে ৫২টি শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এসব রোগীর বেশির ভাগই শীতজনিত নিউমোনিয়া, শ্বাসকষ্টে আক্রান্ত। হাসপাতালের বহির্বিভাগেও বিপুলসংখ্যক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত তিন দফায় ১১ হাজার ১৪৬টি কম্বল বিলি করা হয়েছে। এ ছাড়া, প্রথম আলো ট্রাস্ট ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেছে।