চৌহালী ও ধুনটে স্পারে ধস
বগুড়ার ধুনটে গতকাল সোমবার সকালে যমুনার বানিয়াজান স্পারের ৫০ মিটার কাঠামো নদীতে বিলীন হয়ে গেছে। এদিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনা নদীতে নির্মিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যানিয়ন্ত্রণ স্পারের মাটির স্যাংকের ৩০ মিটার গত রোববার রাতে ধসে পড়েছে।
সিরাজগঞ্জ পাউবো ও এলাকাবাসী সূত্র জানায়, রোববার দিবাগত রাত একটার দিকে এনায়েতপুর-২ স্পারের উত্তর অংশ ধসে যায়। স্পারের মাটির অংশ চাপ চাপ ধরে ধসে পড়ে। কিছুক্ষণের মধ্যে ৩০ মিটার এলাকা বিলীন হয়।
সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল বলেন, ‘নদীতে বন্যার পানি বেড়ে যাওয়ায় এলাকায় ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। পানির প্রচণ্ড চাপে স্পারের মাটির অংশে ধস নামে। তাৎক্ষণিকভাবে সিসি ব্লক আর বালুর বস্তা ফেলা শুরু হয়। সোমবার (গতকাল) সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জিও ব্যাগে বালুর বস্তা এবং সিসি ব্লক ফেলা অব্যাহত রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’
এলাকার বিভিন্ন স্থাপনাসহ তাঁতশিল্প এলাকা রক্ষায় পাউবো ২০০০-০১ অর্থবছরে সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে এক কিলোমিটার দীর্ঘ এনায়েতপুর-২ স্পারটি নির্মাণ করে। এলাকার কয়েকজন জানান, এক মাস আগে এই স্পারের উত্তর-উত্তর দিকে বন্যানিয়ন্ত্রণ বাঁধটি ভেঙে যায়।
বগুড়া পাউবো সূত্র জানায়, ২০০৩ সালে যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষা করতে বানিয়াজান এলাকায় এক হাজার ২০০ মিটার দীর্ঘ একটি স্পার নির্মাণ করা হয়। এর মধ্যে স্পারের সামনের দিকে পানির মধ্যে ১৫০ মিটার কাঠামো তৈরি করা হয়। পানির প্রবল স্রোতে গতকাল সকাল সাতটার দিকে বানিয়াজান স্পারের সামনের অংশ থেকে ৫০ মিটার কাঠামো ভেঙে নদীগর্ভে বিলীন হয়। বাকি ১০০ মিটার বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ ছাড়া পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভান্ডারবাড়ী ইউনিয়নের যমুনা নদীর পূর্ব পাশের বৈশাখী, রাধানগর, আটার চর, বথুয়ারভিটা, ভূতমারী, পুকুরিয়া, শিমুলবাড়ী, শহড়াবাড়ীসহ প্রায় ১০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তাদের অনেকে বাড়িঘর ছেড়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে।
রোববার রাতে সারিয়াকান্দির কুতুবপুর রয়াদহ এলাকায় এক হাজার ২০০ মিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে সারিয়াকান্দি ও ধুনট এলাকায় পানি ঢুকতে শুরু করছে। এর আগে একই স্থানে ৪০০ মিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যমুনায় বিলীন হয়।
বগুড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার বলেন, ‘পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ও প্রবল স্রোতে বানিয়াজান স্পারের সামনের অংশ থেকে ৫০ মিটার কাঠামো ভেঙে বিলীন হয়ে গেছে। অবশিষ্ট কাঠামোটুকু রক্ষায় আগামীকাল (আজ মঙ্গলবার) থেকে বালুর বস্তা ফেলা হবে। তবে সারিয়াকান্দির রয়াদহে ভাঙন ঠেকানোর কাজ চলছে।’