চোখের সামনোত সউগ ভাসি গেইল

‘চোখের সামনোত সউগ ভাসি গেইল বা। কোনো রকমে জীবনটা নিয়া বাঁধত আসি। ছোট ছাওয়াটা কোটে গেইছে খুঁজি পাবার নাগছি না।’
এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পরেন বৃদ্ধ কাচুয়া মামুদ (৬১)। তাঁর বাড়ি ছিল কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমোহনের চরে। এখন ভোগডাঙ্গা পাটেশ্বরী বাজারের পাশে পানি উন্নয়ন বোর্ডের তীর রক্ষা বাঁধে আশ্রয় নিয়েছেন।
কাচুয়া মামুদ বলছিলেন, ‘আমি গরিব মানুষ। হাত-পাও ছাড়া কিছু নাই। দুইটা ঘর আছিল। গত রোববার ধরলা নদীর পানি হু হু করি আসি চোখের নিমেষে সউগ ভাসে নিয়া যায়।’
আজ মঙ্গলবার সকালে ধরলা সেতুর পাশ থেকে নৌকায় উঠি। এটা নৌকাঘাট নয়। গত রোববার কুড়িগ্রাম ভূরুঙ্গামারী মহাসড়কের তিন জায়গা ভেঙে যায়। এতে উপজেলাগুলোর সঙ্গে জেলা শহরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে উপজেলা থেকে নৌকা এখানে এসে লোকজনকে ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নিয়ে যাচ্ছে।
নৌকায় এলাকায় যেতে যেতে চোখে পরে সব বাড়িঘর পানিতে তলিয়ে আছে। শুধু চালের মাথা টুকু ভেসে আছে। অনেক ঘরবাড়ি গাছপালা হেলে পড়েছে। চারদিকে পানি আর পানি। শোঁ শোঁ শব্দে ঘোলা পানির প্রবল স্রোতে উত্তর থেকে দক্ষিণে নেমে আসছে। বাড়িগুলোতে একটা লোক নেই। হাঁস-মুরগি পোকামাকড় ঘরের চাল ও পোয়ালের গাদায় আশ্রয় নিয়েছে। কলা ও সবজিগুলো পানিতে থেকে হলুদ রং ধারণ করেছে।

কিছু দূর এগিয়ে চোখে পড়ে ইউক্যালিপটাস গাছের সারি। ২০ ফিট পানিতে ডোবা। সেখানে অসংখ্য ঘরের চাল আটকে আছে। চারজন লোক চালের ওপর ও ভেতর থেকে হাঁস-মুরগি ধরছে। কুমড়া-চাউল বের করছে। পানি তীব্র বেগে এদিক দিয়ে পাক খেয়ে যাচ্ছে। অনেক কষ্টে মাঝি লোকগুলোর কাছে গিয়ে গাছের সঙ্গে নৌকা বাঁধে। তাঁদের কাছে নিজের পরিচয় দিয়ে জানাতে চাই কী করছেন। এ সময় আক্কাস আলী (৩৪) কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ পর চোখ মুছতে মুছতে বলেন, ‘কিছু নাই ভাই, সব শ্যাষ। এই দেখেন ঘর ভাসি আসি গাছের সঙ্গে আটকি আছে। টিন গুইলা কেমন করি খুলমো চিন্তা করবার নাগছি।’
পাশেই চালের নিচ থেকে কুমড়া, মুরগি, চাল ও বাস বের করছিলেন গাজী আবদুস ছামাদ। তিনি বললেন, ‘স্রোতে পাক খায়া ঘর গুইলা টোপলা হয়া গাছের সঙ্গে আটকি আছে। ভেতরে এগলা আছিল। তাকে বাহির করবার নাগছি। ট্যাকাপয়সা, বিছনাপাতি কিছুই বের করবার পারি নাই। পরিবার নিয়ে সড়কোত পরি আছি।’
এখান থেকে পশ্চিম পাশে ধরলা নদীর পাশে জগমোহনের চর। এই চরে প্রায় ৫০টি পরিবারের ঘর ভেসে গেছে। এখন যে বাড়িঘর পানিতে আছে স্রোতের মধ্যে পরে বিধ্বস্ত অবস্থা। অনেকগুলো হেলে পড়েছে। কোনো ঘরে মানুষ নেই। মনে হয় মৃত্যুপুরী।

মাঝি আবদুল করিম জানান, এ চরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আধা মাইল দূরে বাঁধ, পাটেশ্বরী হাট সেটে ও পাকা সড়কে আশ্রয় নিয়েছে। বাঁধে গিয়ে দেখা গেল, মাথার ওপর পলিথিনের ছাউনি দিয়ে পরিবারগুলো গবাদিপশুসহ গাদাগাদি করে বসবাস করছে। পয়োনিষ্কাশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। ওই পানিতে নারীরা গোসল, বাচ্চার ময়লা পরিষ্কার ও থালাবাসন, জামাকাপড় পরিষ্কার করছে। ৭১ বছরের বৃদ্ধ সুরতভান বলেন, ‘নদী হামাক ফকির করছে। কিছু আনবার পাই নাই। সউগ ভাসি গেইছে। বাঁধোত আসছি খুব কষ্ট খাবার নাই। কাই দেয়, সবার অবস্থা সমান।’ ঠিক এই সময় লোকজন ছোটাছুটি করে সামনে যাচ্ছে খোঁজ নিয়ে জানা গেল, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী রান্না করা খাবার প্যাকেট বিতরণ করছে।
গজমোহন চরের পাশে নানকার চর। এখানেও ১৯টি পরিবারের ঘর ভাসিয়ে নিয়ে গেছে। এরা বাঁধে আশ্রয় নিয়ে আছে। চরের বাসিন্দা দিনমজুর আবদুল গনি বুক ফাটা আর্তনাদ করে বলেন, ‘ভাই, মোর একনা থাকার ঘর তাকোও ভাসে নিয়া গেইছে। এটা আসি উঠছোম। পলিথিন কেনার ট্যাকা নাই। বউক তার বাপের বাড়ি পাখির হাট পাঠে দিছি। এখানে তৈয়ব আলী ও মনিরুল ইসলামের ৪টি ঘর ভেসে গেছে।’
ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ সাইদুল ইসলাম বললেন, ‘এখানকার মানুষের কষ্ট অবর্ণনীয়। চোখের নিমেষেই ঘরগুলো ভেসে গেছে। যেগুলো আছে, সেগুলোর অবস্থা খারাপ। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যত টুকু পারছি সহযোগিতা দিচ্ছি।’
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন পারভেজ বললেন, ‘আজ ১৫ মেট্রিক টন চাল ও শুকনো খাবার বরাদ্দ দিয়েছি। পানি নেমে যাওয়ার পর গৃহহীনদের সহায়তা দেওয়া হবে।’