ছয় ঘণ্টা ফেরি বন্ধ, যানজট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনটেইনার থেকে তেজস্ক্রিয়তাযুক্ত পণ্য অপসারণের কাজ চলছে। গতকাল দুপুরে চট্টগ্রাম বন্দর থেকে তোলা ছবি l প্রথম আলো
কনটেইনার থেকে তেজস্ক্রিয়তাযুক্ত পণ্য অপসারণের কাজ চলছে। গতকাল দুপুরে চট্টগ্রাম বন্দর থেকে তোলা ছবি l প্রথম আলো

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গতকাল বুধবার সাড়ে ছয় ঘণ্টা ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় বিশ্ব ইজতেমাগামী মুসল্লিদের বহনকারী বাসসহ কয়েক শ যানবাহন আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত থেকে কুয়াশা বাড়তে থাকে। ভোর চারটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া, দৌলতদিয়া-আরিচা ও পাটুরিয়া কাজিরহাট পথে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে কুয়াশার কারণে পাটুরিয়া ও দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি খানজাহান আলী ও শাহ মখদুম মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়। ফেরি দুটিতে প্রায় ৩০টির মতো যানবাহন ও প্রায় ২০০-এর মতো যাত্রী ছিল।
নৌযান চলাচল বন্ধ হওয়ায় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা বিশ্ব ইজতেমাগামী মুসল্লিদের বহনকারী বাস ও অন্যান্য গাড়ি দৌলতদিয়া প্রান্তে আটকা পড়ে। এ ছাড়া দুই দিন আগে ঘাটে আসা অনেক পণ্যবাহী ট্রাকও আটকা পড়ে। বুধবার (গতকাল) বেলা সাড়ে ১০টার দিকে কুয়াশা কমতে শুরু করলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
সাতক্ষীরা থেকে আসা মোস্তাক আহম্মেদ বলেন, দ্বিতীয় দফা বিশ্ব ইজতেমায় যোগ দিতে মঙ্গলবার গভীর রাতে সবাই রওনা হন। কিন্তু কুয়াশায় ফেরি বন্ধ হওয়ায় আটকা পড়েন।
যশোর থেকে আসা পণ্যবোঝাই ট্রাকের চালক এনামুল হক বলেন, ‘মঙ্গলবার সকালে ঘাটে সিরিয়ালে আটকা পড়ি। কিন্তু কুয়াশায় বেলা ১১টা পর্যন্ত ফেরি বন্ধ ছিল। আটকে থাকা যাত্রীবাহী বাস ও জরুরি পণ্যবাহী গাড়ি আগে পার হয়। আমাদের আরও বেশি সময় আটকে থাকতে হয়।’
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, ১৬টি ফেরির দুটি বিকল। বর্তমানে ছোট-বড় ১৪টি ফেরি চলছে। কিন্তু কুয়াশার কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।