
ছোট পাখি মৌটুসি। সারাক্ষণ হাসিখুশি। মুখে লেগে থাকে ডাক ও গান। জোড়ায় জোড়ায় চলে। এ গাছ থেকে ও গাছে যায়। সুযোগ পেলেই এক পাক নেচে নেয়, ডানা ঝাপটায়। সর্বদা আনন্দে মেতে থাকা ছোট এই পাখিটির অন্য নাম ফুলটুনি। খাবারের সন্ধানে ফুলে ফুলে ঘুরে বেড়ায়। এ ছাড়া খাদ্যতালিকায় আছে অতি ক্ষুদ্র পোকামাকড়, তাল-খেজুরের রস, বৃষ্টি বা শিশির জমা জল। গান তো লেগেই থাকে মুখে। বাসা গড়তে সময় লাগে ৪ থেকে ৭ দিন। ভূমির দিকে কৌনিকভাবে নোয়ানো গাছের সরু ডালপালা তথা ঝুলন্ত ডালে লম্বাটে থলের মতো যে বাসাটি বানায়, সেটিও নান্দনিক সৌন্দর্যে ভরপুর। বাসার প্রবেশমুখের ওপরে ঢাকনি বা কার্নিশ থাকে। বাসার তলদেশে শিমুল তুলা বা ঘাসফুল দিয়ে মখমলের মতো আরামদায়ক গদি বানায়। এদের আছে ‘বাসা বাঁধার আনন্দের গান’, ‘ডিম পাড়ার সুখের গান’, ‘ডিম ফুটে ছানা বেরোনোর আনন্দের গান’ ও ‘ছানাদের খাওয়ানোর আনন্দের গান’। সব কটা গান আলাদাভাবে চিহ্নিত করা যায়। বাসার উপকরণ মূলত নরম তন্তু-ঘাস-লতা-পাটের আঁশ ও মাকড়সার জাল। মেয়ে পাখিটি একাই বাসার কাজ শেষ করে। পুরুষটি শুধু আনন্দের গান গায়, নৃত্য করে, বউয়ের সঙ্গে থেকে উৎসাহ দেয়। ডিমেও তা দেয় না পুরুষটি। ফাল্গুনী ঘুম ঘুম বাতাসে যখন দোলে বাসাটি, তখন ডিমে বসা মেয়ে পাখিটি কী রকম সুখদোলা যে খায়! তবে, ২টি ডিম পেড়ে মা পাখি ছানা ফোটালে তখন পুরুষটি কর্মতৎপর হয়, ছানাদের খাবার এনে খাওয়ায়। ডিম ফোটে ১১ থেকে ১৩ দিনে। ছানারা উড়তে পারে ১৬ থেকে ১৯ দিনে। বাংলাদেশের সবখানে এদের দেখতে পাওয়া যায়। রাজধানী ঢাকা শহরে পার্ক-উদ্যানসহ বাড়িঘরের আঙিনার ফুল বা অন্যান্য গাছে বা লতায় বসন্তে-গ্রীষ্মে এদের বাসা দেখা যায়।
মৌটুসির ইংরেজি নাম Purple-rumped Sunbird। বৈজ্ঞানিক নাম Nectarinia zeylonica। দৈর্ঘ্য ১০ সেমি, ওজন ৯ গ্রাম।
পুরুষটি বেশি সুন্দর। বুক কমলাটে চকচকে হলুদ, বুকের দুপাশ ও পেট হালকা হলুদাভ-সাদাটে। ঘাড়, মাথা, গলা ও পিঠের উপরিভাগ ঘন মেরুন রঙা, তাতে কুচকুচে কালো, বেগুনি রঙের মিশেল জড়ানো, ঠোঁট ও পা কালো।
মেয়েটির গলা ও পেটের দুপাশসহ লেজের তলাটা ধূসরাভ-সাদাটে, জলপাই-বাদামি পিঠ ও ডানার উপরিভাগ, ধূসরাভ-হলুদ বুক-পেট। ছানাদের পালক গজানোর পর ঠিক মা পাখিটির মতোই লাগে। তবে, ছানাদের গলা থাকে হলুদাভ, যেখানে মায়ের গলা থাকে ধূসরাভ। ছানারা মিষ্টি সুরেলা শিস বাজিয়ে খিদের কান্না ছড়িয়ে দেয় অনেকটা দূর পর্যন্ত।