ছোট ভীংরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে বাঁশঝাড়ে ভীংরাজ l ছবি: লেখক
ঢাকার মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে বাঁশঝাড়ে ভীংরাজ l ছবি: লেখক

১৯৯৬ সালে প্রথম ভীংরাজ দেখেছিলাম খুলনার রূপসা থানার কাজদিয়া গ্রামে, বাঁশবাগানে। খুলনা-বাগেরহাট অঞ্চলে এরা সিংহরাজ নামে পরিচিত। কাজদিয়া গ্রামেই প্রথম সিংহরাজের এক ছোট্ট জাতভাইয়ের কথা শুনেছিলাম, যে পুরোটা শীতকাল এ দেশে কাটায়। তখন থেকেই ওকে খুঁজছি। কিন্তু দীর্ঘদিন বিদেশে থাকায় খোঁজায় ব্যাঘাত ঘটে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সাত বছর কাপ্তাই, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, লাউয়াছড়া, সাতছড়ি, রেমা-কালেঙ্গা—কোথায় না ওকে খুঁজেছি? পরিচিত অনেকেই ওর দেখা পেলেও আমি দেখা পাইনি।
এ বছর ১৩ নভেম্বর মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রজাপতির খোঁজে গেলাম। প্রজাপতি খুঁজতে খুঁজতে বাঁশবাগানে ঢুকে পড়ি। কিছুক্ষণ পর ‘চিসিক-চিসিক-চিসিক’ ডাকে বাঁশঝাড়ের ওপরে তাকিয়ে কুচকুচে কালো এক পাখি দেখলাম। ক্যামেরার লেন্সে চোখ রাখতেই পুরো দেহে বিদ্যুৎ খেলে গেল। নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছে না! যাকে এত দিন ধরে খুঁজছি, তাকে ঢাকায় এভাবে পেলাম? একটা মাত্র ক্লিক করতেই ও পালিয়ে গেল। খানিক পর দেখলাম একটা খোলা জায়গায়, বাঁশের কঞ্চিতে বসা। পটাপট কটা ক্লিক করলাম। এরপর প্রায় ৩০ মিনিট ও বাঁশঝাড়ের এদিক-ওদিক ঘুরে বেড়াল, নাছোড়বান্দা আমিও তার পিছু পিছু।
ছোট্ট ছিপছিপে এ পাখিটি হলো এ দেশের এক পরিযায়ী পাখি ছোট ভীংরাজ (Lesser Racket-tailed Drongo) । ভৃঙ্গরাজ নামেও পরিচিত। Dicruridae গোত্রের এই পাখিটির বৈজ্ঞানিক নাম Dicrurus remifer।
ছোট ভীংরাজ একনজরে চকচকে কালো পাখি। লেজের দণ্ডপালক বাদে দেহের দৈর্ঘ্য ২৭-২৮ সেন্টিমিটার। ওজন প্রায় ৫০ গ্রাম। লেজ খাটো ও চৌকোনা, তারের মতো লেজের দুই প্রান্তের বাইরের পালক দুটির শেষ প্রান্তে পাতার মতো দণ্ড রয়েছে, যা ৪০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। লেজের দণ্ড পালক বড় ভীংরাজের মতো প্যাঁচানো নয়। মাথায় ঝুঁটি বড় ভীংরাজের তুলনায় বেশ ছোট। মাথার পালক কালো ও মখমলের মতো। কপাল চ্যাপ্টা। দেহ ধাতব কালো পালকে আবৃত। তবে দেহের ওপরের অংশ অর্থাৎ ডানা, ঘাড় ও বুকে চকচকে সবুজাভ-নীল আভা। চোখের রং বাদামি-লাল। পা ও ঠোঁট কালো।
ভীংরাজ দুর্লভ পরিযায়ী পাখি। মূলত উত্তর-পূর্ব ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ-পূর্ব চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার বাসিন্দা। শীতে পরিযায়ী হিসেবে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রাকৃতিক, পত্রঝরা ও চিরসবুজ বনে আসে। সচরাচর একাকী দেখা যায়। মূলত উড়ন্ত কীটপতঙ্গ মোহনীয় ভঙ্গিতে ধরে খায়। আবার অনেক সময় ফুলের নির্যাসও পান করে।
এপ্রিল-জুন প্রজননকাল। এ সময় এরা যে দেশের আবাসিক পাখি সেখানে মাটি থেকে প্রায় সাত মিটার উঁচুতে গাছের ডালে ঘাস, শিকড়, লতা, মাকড়সার জাল দিয়ে ছোট্ট গোলাকার বাসা বানায়। স্ত্রী তাতে দু-তিনটি ফিকে রঙের ডিম পাড়ে। ডিম ফোটে ১৫-২০ দিনে।