ছোট্ট পাখি ফিনফিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের করমজলে ফিনফিনে পাখি l ছবি: লেখক
সুন্দরবনের করমজলে ফিনফিনে পাখি l ছবি: লেখক

দুপুর গড়িয়ে প্রায় বিকেল। রোদের তেজ কমে তা মিষ্টি রোদে পরিণত হয়েছে। সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রের পুকুরের পেছনে দাঁড়িয়ে আছি। দূর থেকে ছোট্ট সাদা-কালো একটি পাখিকে পুকুরের পেছনের রাস্তায় নামতে দেখে বেশ সন্তর্পণে এগিয়ে গেলাম। কিন্তু কিছুই দেখলাম না। পাশের ঝোপেও উঁকি দিলাম। পুকুরের পেছনের রাস্তা থেকে বেরিয়ে পুকুরের সামনে চলে এলাম।
আর ঠিক তখনই আমার একদম সামনে পুকুরপাড়ে একটি মরা গাছের ডালে দুর্লভ সেই পাখিটি এসে বসল। মিষ্টি রোদের আলোয় ওর দেহ যেন জ্বলজ্বল করে উঠল। রোদের মিষ্টি আলোয় ছোট্ট ছিপছিপে পাখিটির রূপ-জৌলুশ এতটাই বেড়ে গেল যে, মনে হলো বুঝি নতুন কোনো পাখির সন্ধান পেয়েছি। খুব আনন্দ হলো পাখিটি দেখে।
দুর্লভ ও বিরল পাখির সন্ধানে কাপ্তাই, সাতছড়ি, লাউয়াছড়া, সুন্দরবন—যখনই যেখানে গিয়েছি, প্রায়ই ছিপছিপে এই পাখির দেখা পেয়েছি। তবে করমজলের মতো এতটা জ্বলজ্বলে ও প্রাণবন্ত কখনো মনে হয়নি। ছোট্ট ছিপছিপে পাখিটি এ দেশের আবাসিক পাখি সাদা-কালো লাটোরা। সাদা-গলা লাটোরা, ডোরাপাখা ছোট লাটোরা বা খুদেমণি নামেও পরিচিত। সুন্দরবনের আশপাশে ও বাগেরহাট অঞ্চলে ছিপছিপে গড়নের জন্য এই পাখিকে ফিনফিনে নামে ঢাকা হয়। নামটি আমার বেশ পছন্দ। Campephagidae গোত্রের এই পাখির বৈজ্ঞানিক নাম Hemipus picatus।
ছোট্ট এই পাখির দৈর্ঘ্য মাত্র ১৫ সেন্টিমিটার এবং ওজন ৯ গ্রাম। পুরুষ পাখির মাথার চাঁদি, কান-ঢাকনি, ঘাড়ের পেছন ও কাঁধ-ঢাকনি চকচকে কালো। গলা থেকে গাল হয়ে মাথার দুপাশে সাদা টান দেখা যায়। ডানা সাদা-কালো। বুক-পেট ধূসর-গোলাপি। কোমর সাদা। লম্বা ও কালো লেজের অগ্রভাগ সাদা। স্ত্রী পাখিটি পুরুষের তুলনায় হালকা রঙের। এদের মাথা, ঘাড়ের পেছনটা ও কাঁধ-ঢাকনি বাদামি-কালো। স্ত্রী-পুরুষনির্বিশেষে চোখ বাদামি, ঠোঁট, পা ও নখ কালো।
ফিনফিনে মূলত বনের পাখি। মোটামুটি সারা দেশেই দেখা যায়। সুন্দরবন, আদমপুর, লাউয়াছড়া, সাতছড়ি ও কাপ্তাই জাতীয় উদ্যানে এদের বেশি সংখ্যায় দেখেছি। সচরাচর একাকী, জোড়ায় বা অন্যান্য ছোট পাখির দলে থাকে। কীটপতঙ্গ ও শুঁয়াপোকা প্রিয় খাদ্য। গাছের ঘন পাতায় কীটপতঙ্গ খোঁজে, অনেক সময় আকর্ষণীয় ভঙ্গিতে শূন্য থেকে উড়ন্ত পোকা ধরে খায়। ‘চিসিক-চিসিক-চিসিক’, ‘টিসিট-ইট-ইট-ইট-ইট’ বা ‘চিররূপ-চিররূপ-চিররূপ-চিররূপ’ তীক্ষ্ণ স্বরে অনবরত ডাকতে থাকে।
মার্চ থেকে আগস্ট প্রজননকাল। এ সময় গাছের পাতাবিহীন শাখার প্রান্তে ঘাস, শিকড়, লতা, মাকড়সার জাল ইত্যাদি দিয়ে ছোট্ট গোলাকার বাটির মতো বাসা বানায়। বাসা তৈরি হলে স্ত্রী তাতে দু-তিনটি ফিকে ধূসরাভ-সাদা রঙের ডিম পাড়ে, যার ওপর কালচে বা ধূসর ছিট থাকে। স্ত্রী-পুরুষ দুজনে মিলেই ডিমে তা দেয়। ডিম ফুটে বাচ্চা বেরোতে ১২-১৫ দিন সময় লাগে।