
গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে ভাওয়াল মির্জাপুর পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ সড়কটির বেশির ভাগ জায়গা ভাঙাচোরা, খানাখন্দ ও গর্তে ভরা। ফলে ভোগান্তিতে পড়েছেন সড়কের উভয় পাশের অর্ধশতাধিক গ্রামের বাসিন্দা ও শিল্পকারখানার শ্রমিকেরা।
সরেজমিনে দেখা গেছে, রাস্তাটি কাদামাটিতে সয়লাব হয়ে আছে। বিভিন্ন স্থানে হাঁটুপানি জমে আছে। এখানে-সেখানে এবড়োখেবড়ো ছোট-বড় অসংখ্য গর্ত। অধিকাংশ গর্ত এত বড় হয়েছে যে সেখান দিয়ে যানবাহন চলাচল করতেই পারছে না। ঝুঁকি নিয়ে কিছু যানবাহন চলতে দেখা গেছে। মানুষ হেঁটেও চলাচল করতে পারছে না।
বাংলাবাজার এলাকার ইপিলিয়ন গ্রুপের পরিচালক জুনায়েদ আবু সালেহ জানান, আধুনিক মানের শিল্পকারখানা হলেও শুধু রাস্তা সংস্কারের অভাবে সময়মতো অর্ডার সরবরাহ করা যাচ্ছে না। দেশি-বিদেশি বায়াররাও আসতে চান না। এ কারণে এ এলাকার শিল্পমালিকেরা নানা সমস্যায় পড়েছেন।
এলাকাবাসী সূত্র জানায়, গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে বাংলাবাজার হয়ে ভাওয়াল মির্জাপুর পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ সড়কটির অধিকাংশ স্থানই ভাঙাচোরা, খানাখন্দ ও গর্তে ভরা। গত কয়েক দিনের বর্ষণে সড়কজুড়ে পানি জমে আছে। এর মধ্যে যানবাহন চলাচল করায় সড়কটির অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে। সড়কটির আশপাশে প্রায় অর্ধশত গ্রাম রয়েছে। রয়েছে বেশ কিছু শিল্পকারখানা। এসব শিল্পকারখানার হাজার হাজার শ্রমিককে কাদাপানি মাড়িয়ে কারখানায় যেতে হয়। নারী শ্রমিকদের আরও বেশি দুর্ভোগে পড়তে হয়।
কারখানার শ্রমিক মোস্তফা কামাল ও শহিদুল ইসলাম জানান, দুই মাসের বেশি সময় ধরে রাজেন্দ্রপুর-ভাওয়াল মির্জাপুর সড়কটির অবস্থা বেহাল হয়ে আছে। সড়কটি দিয়ে গাড়ি চলাচল তো দূরের কথা, হেঁটে চলাচল করাও মুশকিল।
রাজেন্দ্রপুর এলাকার ব্যবসায়ী সুলতান মাহমুদ জানান, ওই সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে। এ ছাড়া সড়কটি দিয়ে রাজেন্দ্রপুর থকে কালিয়াকৈর উপজেলায়ও চলাচল করা যায়। এর জন্য সড়কটির গুরুত্ব বেশ। সড়কটি দ্রুত মেরামত করা না হলে সড়কটি একেবারে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গাজীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আমিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, সড়কটি এর আগে কয়েকবার মেরামত করা হয়েছে। নিচু জায়গাগুলো উঁচু করা হয়। কিন্তু সড়কের দুপাশের জায়গা উঁচু করে কারখানা করায় পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এ কারণে বৃষ্টি হলে পানি সরতে পারে না। আর পানি জমে থাকায় রাস্তার এ অবস্থা হয়েছে। তবে সড়কটি নতুন করে সংস্কার করার সব রকমের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার রাস্তা সংস্কারের সময়
এক পাশে গভীর করে নালা তৈরি করা হবে।