
দেশে প্রজাপতির ছয়টি নতুন জাতের খোঁজ পেয়েছেন একদল গবেষক। তাঁরা বলছেন, দেশে এখন প্রজাপতির প্রায় চার শ প্রজাতি আছে। যদিও সেগুলো একসঙ্গে লিপিবদ্ধ রয়েছে, এমন কোনো তালিকা নেই। প্রজাপতির তালিকা হালনাগাদ করতেও কাজ করেছেন তাঁরা।
নতুন প্রজাতিগুলো রেডস্পট, আসাম ফ্ল্যাশ, রেড লেসউইং, লার্জ ব্র্যান্ডেড সুইফট, ইয়েলো পাম ডার্ট ও কমন ক্লাবটেইল নামে পরিচিত। গবেষকেরা ২০১৪ সালের জুন থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত অনুসন্ধান চালিয়ে প্রজাপতিগুলো খুঁজে পেয়েছেন।
এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন চলতি মাসে জার্নাল অব ইনসেক্ট বায়োডাইভারসিটি অ্যান্ড সিস্টেমেটিকস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকেরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. শামসুর রহমান, অমিত কুমার নিয়োগী, আশরাফ উল হাসান, শেখ মুহাম্মদ সবুরুল ইমাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইব্রাহিম খলিল আল হায়দার ও মো. মিজানুর রহমান।
অমিত কুমার নিয়োগী প্রথম আলোকে বলেন, প্রজাপতি একটি সুস্থ বাস্তুতন্ত্রের প্রতীক। তাদের উপস্থিতির মাধ্যমে একটি এলাকার পরিবেশ কতটুকু সুস্থ, তা পরিমাপ করা যায়। একটি নতুন এলাকায় একটি নতুন প্রজাতির প্রজাপতি পাওয়া মানে সেখানকার এলাকা জীববৈচিত্র্যে সমৃদ্ধময়।
গবেষকেরা বলছেন, দেশে বর্তমানে প্রায় চার শ প্রজাতির প্রজাপতি রয়েছে। সর্বশেষ ২০১৫ সালে বন বিভাগ ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) যৌথভাবে দেশে কোন বন্য প্রাণী কী অবস্থায় আছে, তার তালিকা (রেড লিস্ট) করে; যা এ বছরের জুনে প্রকাশিত হয়েছে। এতে প্রজাপতির প্রজাতির সংখ্যা ছিল ৩০৫। এর মধ্যে ৬২ শতাংশ প্রজাতি হুমকিতে, ১১২টি প্রজাতি বিপন্ন। আর ৭৫টি প্রজাতি অরক্ষিত অবস্থায় রয়েছে।
রেড লিস্ট প্রকল্পের প্রধান কারিগরি উপদেষ্টা ছিলেন ড. রেজা খান। তিনি প্রথম আলোকে বলেন, বাংলাদেশের বিপন্ন প্রজাতির লাল তালিকার কাজ শেষ হতে না-হতেই নতুন প্রজাতির প্রজাপতির রেকর্ড অভিনন্দনযোগ্য বিষয়।
নতুন ছয়টি জাতের সংক্ষিপ্ত পরিচিতি
রেডস্পট: এটি কুষ্টিয়ার ভেড়ামারা ও সিরাজগঞ্জের যমুনা ইকোপার্কে পাওয়া গেছে। মূলত ভারত ও শ্রীলঙ্কায় এই প্রজাতির দেখা মেলে। পাখা ও বুকের সংযোগস্থলে লাল বিন্দু থাকায় এই প্রজাতি রেডস্পট নামে পরিচিত। বৈজ্ঞানিক নাম zezius chrysomallus। জেজিয়াস গনের প্রজাপতি এই প্রথম বাংলাদেশে দেখা গেল।
আসাম ফ্ল্যাশ: ভারতের আসাম রাজ্য থেকে প্রথম শনাক্ত করা হয়েছে বলে এমন নামকরণ। বৈজ্ঞানিক নাম Rapala tara। এটি হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে পাওয়া গেছে। এই প্রজাতি মূলত নেপাল, ভারত, লাওস ও ভিয়েতনামে পাওয়া যায়।
রেড লেসউইং: পাখা লেইস ফিতার মতো দেখায়। আর রং লাল বলে নাম হয়েছে রেড লেসউইং। বৈজ্ঞানিক নাম Cethosia biblis। ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমারে পাওয়া যায়। সিলেটের টিলাগড় ইকোপার্কে নতুন প্রজাতিটি পাওয়া গেছে। পাখার শেষ ভাগে সাদাকালো দাগ রয়েছে।
লার্জ ব্র্যান্ডেড সুইফট: ক্ষিপ্রগতিতে উড়তে পারে। পাখার উপরিভাগে একই গনের অন্যান্য প্রজাতির তুলনায় বড় দাগ থাকায় এই প্রজাপতি লার্জ ব্র্যান্ডেড সুইফট নামে পরিচিত। বৈজ্ঞানিক নাম Pelopidas subochracea subochracea। ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার ও শ্রীলঙ্কায় পাওয়া যায়। শ্রীমঙ্গলে এটি পাওয়া গেছে। পুরুষ প্রজাতির অগ্রপদের উপরিভাগে লম্বা সাদা দাগ রয়েছে। পেছনের নিচের অংশ সবুজ।
ইয়েলো পাম ডার্ট: এর পাখা তালপাতার মতো দেখতে। সামনের পাখার নির্দিষ্ট জায়গায় হলুদ দাগ থাকায় এই প্রজাতির নাম ইয়েলো পাম ডার্ট। বৈজ্ঞানিক নাম Cephren estrichopepla। অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় পাওয়া যায়। কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি এলাকায় এই প্রজাপতির দেখা মিলেছে। পাখার উপরি অংশে কালোর সঙ্গে কমলা-হলুদ দাগ রয়েছে।
কমন ক্লাবটেইল: পেছনের পাখায় মুগুর (Club) আকৃতির লেজ থাকায় এটি কমন ক্লাবটেইল নামে পরিচিত। বৈজ্ঞানিক নাম Atrophaneura coon। মূলত মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, ভারত, ইন্দোনেশিয়া ও চীনে এদের দেখা মেলে। টেকনাফের অভয়ারণ্যে এই প্রজাতির সন্ধান পাওয়া গেছে। পাখা ছোট হলেও লেজ দীর্ঘ। মাথা ও বুক-পেটের দিকটা লাল রঙের।