
বাগেরহাটের শরণখোলা উপজেলার সঙ্গে শরণখোলার বগী থেকে কচুয়া উপজেলার সাইনবোর্ড পর্যন্ত সড়কটি সারা দেশে যোগাযোগের একমাত্র পথ। অথচ সড়কটি গত ছয় বছরেও সংস্কার হয়নি। ফলে যাত্রীসহ মালামাল পরিবহনে দিন দিন ভোগান্তি বাড়ছে।
শরণখোলা উপজেলার এই আঞ্চলিক মহাসড়কটির মোরেলগঞ্জ থেকে শরণখোলা অংশের ৩০ কিলোমিটার সড়কের অবস্থা ভয়াবহ। ছয় বছরে কোনো সংস্কার না হওয়ায় যাত্রী ও মালামাল পরিবহনে দুর্ভোগসহ প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত ২০ আগস্ট এই সড়কের পল্লিমঙ্গল এলাকায় টিনবোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে দুজন নিহত হন। এর আগে গত ২৩ জুলাই দোনা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, শরণখোলা-সাইনবোর্ড সড়কটি ২০১০ সালে আঞ্চলিক মহাসড়কে উন্নীত হয়। সে বছরই বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় প্রায় ৯০ কোটি টাকা বরাদ্দ সাপেক্ষে সেতু ও মাটি ভরাটের কাজ শুরু হয়। কিন্তু এ কাজ সম্পন্ন হলেও সড়ক সংস্কার বা উন্নয়নের কোনো কাজ এখন পর্যন্ত শুরুই হয়নি।
গত শুক্রবার বাগেরহাট থেকে শরণখোলা বাজার পর্যন্ত সরেজমিনে দেখা যায়, সড়কের কদমতলা, লাকুড়তলা, রায়েন্দা পাঁচ রাস্তার মোড়, নলবুনিয়া, সিংবাড়ী, আমড়াগাছিয়া, পল্লিমঙ্গল ও বাদশার মোড়ের অধিকাংশ স্থানই যান চলাচলের অনুপযোগী। বেশির ভাগ স্থান বিশাল বিশাল খানাখন্দে ভরা। শরণখোলা ও মোরেলগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রামসহ অন্যান্য স্থানে যানবাহনগুলো চলাচলের সময় সড়কের ক্ষতিগ্রস্ত অংশের ওপর পড়ে প্রচণ্ড ঝাঁকুনি খাচ্ছে।
শরণখোলা-মোরেলগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সম্পাদক মইনুল হোসেন বলেন, প্রতিদিন সড়কের কোথাও না-কোথাও নতুন নতুন গর্তের সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ধসে নিচু হয়ে গেছে। অনেক সময় যানবাহনগুলো দুর্ঘটনা এড়াতে সড়কের ক্ষতিগ্রস্ত স্থানের ওপর দিয়ে চলাচল না করে সড়কের পাশ দিয়ে চলাচল করায় কোনো কোনো স্থান ধসে যাচ্ছে।
রায়েন্দার বাসচালক খালেক আকন বলেন, ‘রাস্তার যা অবস্থা তাতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। পুরো রাস্তায় এত বড় বড় গর্ত থাকায় প্রায়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। বৃষ্টি হলে পাশাপাশি দুটি গাড়ি চলাচল করতে পারে না।’
রায়েন্দা বাজার কমিটির সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘এ এলাকার বাজারের অধিকাংশ পণ্যই সড়কপথে বাগেরহাট অথবা খুলনা থেকে আনতে হয়। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে কোনো পরিবহনই পণ্য নিয়ে এই পথে আসতে চায় না। বাধ্য হয়ে আমাদের নৌপথে খুলনা থেকে মালামাল আনতে হচ্ছে। তাতে ঝুঁকি ও ব্যয় দুটোই বাড়ছে।’
জানতে চাইলে সওজ বিভাগের বাগেরহাট জেলার নির্বাহী প্রকৌশলী শেখ আবদুল আলী প্রথম আলোকে বলেন, ৫২ দশমিক ১৫ কিলোমিটার আঞ্চলিক এ মহাসড়ক সংস্কারের জন্য ১২৩ কোটি টাকার একটি সংশোধিত প্রকল্প একনেকে আছে। প্রকল্পটি পাস হলে দরপত্র আহ্বান করা হবে।
এই সড়ক নিয়ে প্রথম আলোয় গত বছরের ২৪ মার্চ ‘ভাঙাচোরা সড়ক, দুর্ভোগ’ শিরোনামে একটি প্রতিবদেন প্রকাশিত হয়। সে সময় সওজ দ্রুত সংস্কারের কথা বললেও এখন পর্যন্ত কোনো কাজ হয়নি।