জলচর পাখিশুমারির কথা

লালমাথা ভূঁতিহাঁস, টাঙ্গুয়ার হাওরের রওয়া বিল থেকে তোলাছবি: লেখক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরের কুয়াশায় চারদিকে কিছু দেখা যাচ্ছে না। এর ভেতরেই বারকি নৌকা চালিয়ে টাঙ্গুয়ার হাওরের রওয়া বিলের কিনারায় পৌঁছালাম। আলো ফোটার আশায় বসে আছি। কুয়াশা কেটে গেলেই পাখি গণনা শুরু হবে।

দিনটি ছিল জানুয়ারির ২ তারিখ। খুব দ্রুত আলো ফুটল। চোখের সামনেই দেখা মিলল একঝাঁক লালমাথা ভূঁতিহাঁস। সংখ্যায় প্রায় ৮০০। রওয়া বিলের পাখি গণনা শেষ করতেই সূর্য উঠে গেল। সারা দিন লেচুয়ামারা, হাতিরগাতা, রুপাবই, আইন্না, কলমা আর সব শেষে চটাইন্ন্যার বিল হয়ে জলচর পাখি গণনা শেষ হলো টাঙ্গুয়ায়।

এ বছর পাখি পাওয়া গেল প্রায় ২৭ হাজার। দীর্ঘ এক যুগের পাখিশুমারির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, টাঙ্গুয়ার হাওরে জলচর পাখি পাওয়া যায় জানুয়ারি মাসে গড়ে অর্ধলাখ। আর ফেব্রুয়ারি মাসে পাখির সংখ্যা বেড়ে প্রায় দেড় লাখে দাঁড়ায়। ফেব্রুয়ারিতে বিলের পানি কমে যাওয়ায় পাখি বেশি পাওয়া যায়।

দুই যুগের বেশি সময় ধরে প্রতিবছর শীতকালে এ দেশে জলচর পাখিশুমারি হয়। পাখিদেখিয়ের কাছে প্রায় প্রতিটি শীতের সকাল এ রকমই। ৮-১০ জন মানুষ বছরের পর বছর স্বেচ্ছায় এ কাজ করে আসছেন। জলচর পাখিশুমারি শুরু হয়েছিল ১৯৮৯ সালে ড. আনিসুজ্জামানের হাত ধরে। আর ২০০০ সাল থেকে ইনাম আল হক এ দেশে জলচর পাখিশুমারির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

অনেকে বলেন পাখিশুমারি করে লাভ কী? জনশুমারির মতো পাখিশুমারিও জরুরি। পাখি গণনার তথ্য থেকেই প্রকৃতি ও পরিবেশের অনেক উপাদানের অবস্থার তথ্য বলে দেওয়া যায়। পাশুয়ার হাওরে নব্বইয়ের দশকে এক লাখ জলচর পাখি আসত। এখন হাওরটি পাখিশূন্য। শুধু ধান চাষ হয়। হাওরটির জীববৈচিত্র্য কী পরিমাণ ধ্বংস হয়েছে, তা পাখিশুমারির তথ্য থেকেই বলে দেওয়া যায়।

হাকালুকি হাওরের পাখির তথ্য থেকে দেখা যায়, জলচর পাখির সংখ্যা এখন প্রায় অর্ধেকে নেমেছে। তার মানে, হাওরের বিলগুলোর প্রাকৃতিক অবস্থা ভালো নেই। উপকূলজুড়ে ২০টির বেশি অঞ্চলে পাখি জরিপ হয়। কাদার বেশির ভাগ পুরোনো চর এখন শক্ত চরে পরিণত হয়েছে। ফলে সৈকতে পাখির বিচরণক্ষেত্র কমে যাচ্ছে। মানুষ ও গৃহপালিত গরু-মহিষের দখলে চলে গেছে অনেক চর। উপকূলীয় এলাকার মৌলভির চরে ১৯৮৯ সালে মহাবিপন্ন চামচঠুঁটো বাটানের ২০২টি পাখি দেখা গিয়েছিল। এখন উপকূলজুড়ে ১০টি পাখির দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। দেশি গাংচষা নামের বিশ্বব্যাপী বিপন্ন পাখিটি মুক্তারিয়া চ্যানেলে কয়েক হাজার দেখা যেত। এর সংখ্যা এখন মাত্র কয়েক শ।

চলছে পাখিশুমারি, সুনামগঞ্জের হাওরে
ছবি: লেখক

পাখিশুমারিতে অংশ নেওয়া সত্যিই আনন্দের। পাখি গণনার কাজ জটিল হলেও গণনায় অংশগ্রহণকারীরা কাজটি খুবই উপভোগ করেন। প্রতিবছরই জানুয়ারি-ফেব্রুয়ারি মাসজুড়ে এ কাজ চলে। সারা পৃথিবীতে একযোগে এই কাজ করা হয়। এতে জলচর পাখির সংখ্যার একটি ধারণা পাওয়া যায়। ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনাল সারা দুনিয়ায় সমন্বয়কের ভূমিকা পালন করে। বাংলাদেশে এ কাজ করছেন বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্যরা। ২০১৩ সাল থেকে আইইউসিএন বাংলাদেশ এ কাজে সহযোগিতা করে আসছে।

পাখিশুমারিকালে আমরা নানা উদ্যোগের মধ্যে থাকি। যখন দেখি একটি এলাকায় পাখির সংখ্যা কমে গেছে অথবা কোনো একটি বিশেষ পাখি পাওয়া যাচ্ছে না, তখন দুঃখে মন ভরে যায়। আবার কখনো কখনো পাখির সংখ্যা বেশি পেলে অথবা নতুন পাখির সন্ধান পেলে আমাদের আনন্দের সীমা থাকে না। পাখিশুমারিতে আমরা শুধু পাখিরই পরিবর্তন দেখি না, প্রতিটি অঞ্চলের জলজ পরিবেশ, আবহাওয়া, জীববৈচিত্র্য এমনকি ওই এলাকার অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনও চোখের সামনে ভাসে।

পাখিশুমারিতে অংশ নিচ্ছি ২০ বছর ধরে। আশায় থাকি পরের বছর শীতে আরও বেশি পাখির দেখা পাব। পাখিশুমারির কাজ সরকারিভাবে, বিশেষ করে বন অধিদপ্তরের নেতৃত্বে করা হলে এর গুরুত্ব আরও বাড়বে। প্রকৃতি রক্ষায় এ তথ্য অনেক কাজে আসবে।