জলঢাকায় টর্নেডোর আঘাতে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

নীলফামারীর জলঢাকায় গত রোববার রাতে টর্নেডোর আঘাতে একটি গ্রামের সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙে পড়েছে বহু গাছপালা। নষ্ট হয়েছে বিস্তীর্ণ মাঠের ভুট্টা ও বোরো ধান। ঘর ও গাছের চাপায় আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ।
গতকাল সোমবার সকালে উপজেলার গোলনা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত তালুক গোলনা গ্রাম ঘুরে দেখা যায়, প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ঘরবাড়ি ও গাছপালা লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় ক্ষতিগ্রস্ত অনেকে জানান, রোববার রাতে টর্নেডো আঘাত করে। কয়েক মিনিটের মধ্যে সবকিছু শেষ হয়ে যায়।
গ্রামের আবদুল লতিফ (৫০) বলেন, রাত সাড়ে ১০টার দিকে প্রথমে অল্প অল্প করে বৃষ্টি শুরু হয়। এরপর বাতাসের একটা ঘূর্ণি এসে আঘাত হানে।
গ্রামের কাজলী বেগম (৪০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী বগুড়াত কাম করির গেইছে, দুইটা ছোট বাচ্চা নিয়া বাড়িত ছিনু। দুইটা ঘরেই উড়ি গেইছে, কেমন করি যে বাঁচিছি আল্লায় কবার পারে।’
গ্রামের আইয়ুব আলী (৪০) জানান, টর্নেডোর আঘাতে তাঁর পাঁচটি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে তাঁর স্কুলপড়ুয়া ছেলে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
নীলফামারীর সিভিল সার্জন আবদুর রশীদ জানান, আহত ব্যক্তিদের মধ্যে ৩৫ জনকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। দুজন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারের স্বাস্থ্য বিভাগের গঠন করা একটি চিকিৎসা দল কাজ করছে।
গোলনা ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা যায়, টর্নেডোর আঘাতে গ্রামের প্রায় ৪০০ পরিবারের সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ইউপি চেয়ারম্যান ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ৪০০ কেজি চিড়া, ২০০ কেজি মুড়ি ও ১০০ কেজি গুড় বিতরণ করেছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০০ কেজি চিড়া, ৪০০ কেজি মুড়ি ও ১০০ কেজি গুড় বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্দিকুর রহমান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস বলেন, ক্ষয়ক্ষতির হিসাব চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কৃষিতে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসক জাকীর হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রাথমিকভাবে পাঁচ মেট্রিক টন চাল, ৫০ হাজার টাকা, ৭৫টি কম্বল ও ৫০টি চাদর দেওয়া হয়েছে। পরে তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।