জলপ্রবাহের 'অনুকূল' অবস্থায়ও জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরের এক পাশে পহাড় আর টিলা, অন্য পাশে নদী। শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া ছোট ছোট ছড়া (খাল) সুরমা নদীর সঙ্গে মিলিত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম বলেন, শহরের ভৌগোলিক এই অবস্থানকে বিশেষজ্ঞরা জলপ্রবাহের জন্য অনুকূল বলছেন। তা সত্ত্বেও বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

গত এক মাসে অন্তত চার দফা জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। এর কারণ সম্পর্কে অধ্যাপক আলম বলেছেন, ছড়া ও খাল নিয়মিত পরিষ্কার না করা। এ ছাড়া বর্তমানে শহরের নর্দমাগুলো ব্লক হয়ে আছে। তাই বৃষ্টিতে জলাবদ্ধতা হচ্ছে। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে বছরে অন্তত দুবার ছড়া ও খালগুলো পরিষ্কার এবং নর্দমাগুলো ব্লকমুক্ত করতে হবে।

সিলেট বাংলাদেশের বৃষ্টিপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। এবার প্রচুর বৃষ্টি হয়েছে। সিলেট আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, ২০০০ সালের আগস্টে ৯৬৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এরপর এ বছর জুন ও চলতি জুলাই মাসে ৯৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

প্রায় দেড় যুগ আগের ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতা প্রকট হতো না বলে জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী। তিনি নগরের প্রবীণ বাসিন্দাদের সঙ্গে কথা বলার সূত্রে প্রথম আলোকে বলেন, বছর দশেক আগে বৃষ্টি হলে পানি জমত। তবে সেই পানি বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে ছড়া দিয়ে গড়িয়ে যেত। তখন বরং সমস্যা নয়, জলতরঙ্গের অন্য এক রূপে দেখা যেত সিলেটকে। ছড়াগুলো দখল-দূষণে বিপন্ন হওয়ায় পানিপ্রবাহ থেমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে তিনি মনে করছেন।

সরেজমিনে দেখা গেছে, সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের অন্তত ৫০টি মহল্লায় জলাবদ্ধতা বেশি হয়। নগরের কেন্দ্রস্থল জিন্দাবাজার এলাকায় পানি সড়ক ছাপিয়ে দুপাশের দোকানের ভেতর চলে আসে। এ ছাড়া বন্দরবাজার, বারুতখানা, হাওয়াপাড়া, নাইওরপুল, মির্জাজাঙ্গাল, মণিপুরি রাজবাড়ি, দরগাহ গেটসহ অধিকাংশ এলাকার প্রধান সড়কে পানিতে তলিয়ে গেছে। পূর্ব জিন্দাবাজার সড়কের বারুতখানা এলাকার বেশ কয়েকটি দোকান এবং জিন্দাবাজারের শুকরিয়া মার্কেট, আহমদ ম্যানশন, জালালাবাদ হাউস, ইদ্রিছ মার্কেট ও রাজা ম্যানশনের ভেতরেও পানি ঢুকেছে।

আবাসিক এলাকার মধ্যে জলাবদ্ধতা বেশি হয় সুবিদবাজার, বনকলাপাড়া, হাউজিং এস্টেট, জালালাবাদ, লোহারপাড়া, বাগবাড়ি, চারাদীঘিরপাড়, রায়হোসেন, কলবাখানি, কুয়ারপাড়, কাজলশাহ, পাঠানটুলা, খোজারখলা, ভার্থখলা, মেনিখলা, সেনপাড়া, পাঠানপাড়াসহ প্রায় ৫০টি মহল্লায়। সেনপাড়া এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক বলেন, আটকে থাকা পানি পচে গিয়ে উৎকট গন্ধ ছড়িয়ে পড়ে। বসবাস করা কঠিন হয়ে পড়ে।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরের ভেতর দিকে প্রবাহিত হয়েছে ছোট-বড় ১১টি প্রাকৃতিক খাল, যা ছড়া নামে পরিচিত। মালনি ছড়া, কালীবাড়ি ছড়া, মঙ্গলী ছড়া, যোগিনী ছড়া, হলদি ছড়া, ভুবি ছড়া, গোয়ালি ছড়া, ধোপা ছড়া, ধুবড়ি ছড়া, কেওয়া ছড়া ও গাভিয়ার খাল উত্তরে চা-বাগানের টিলা এলাকা থেকে দক্ষিণে সুরমা নদীতে মিলিত হয়েছে। এসব ছড়া ‘ন্যাচারাল ড্রেনেজ’ হিসেবে সমাদৃত। একেকটি ছড়ার দৈর্ঘ্য প্রায় ১০০ কিলোমিটার।

নগর কর্তৃপক্ষ বলছে, ছড়া দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ভবনের সংখ্যা ১ হাজার ৫৯। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা প্রায় ৩ হাজার। ছড়ার ওপর গড়ে তোলা হয়েছে বহুতল ভবন, বিপণিবিতান, বাসা, কমিউনিটি সেন্টার ও ক্লিনিক।

২০০৯ সালে ছড়া উদ্ধারের জন্য ১১ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে সিটি করপোরেশন। ২০১৩ সালে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী দায়িত্ব গ্রহণের পর নর্দমাব্যবস্থা সংস্কারে নেওয়া হয় ২০ কোটি টাকার প্রকল্প। তবে ২০১৪ সালের শেষ দিকে আরিফুল হক চৌধুরী কারাবন্দী হলে মেয়র পদ থেকে বহিষ্কৃত হন। তখন থেমে যায় ছড়া উদ্ধার অভিযানের ধারাবাহিকতা। ওই সময় পর্যন্ত ছড়ায় অবৈধ স্থাপনার মাত্র ২০টি স্থানে দখল ও দূষণমুক্ত করতে অভিযান চালাতে সক্ষম হয়েছিল সিটি করপোরেশন।

ওই অভিযানের সুফল ২০১৪ সালে পাওয়া গিয়েছিল। তখন দেখা গেছে, একটানা বা ভারী বৃষ্টি থামার পরপরই জলাবদ্ধতা হয়নি। বরং মুক্ত ছড়া দিয়ে প্রাকৃতিকভাবে পানি সুরমা নদীতে গিয়ে পড়েছে।

মেয়র আরিফুল হক চৌধুরী এবারের জলাবদ্ধতার কারণ ছড়াগুলো ফের দখল-দূষণ হয়ে বদ্ধ হওয়ার সঙ্গে রাস্তার পাশে নালা পরিষ্কার না করার কারণকে দায়ী করছেন। তিনি জানান, এবারের জলাবদ্ধতার পেছনে রাস্তার পাশে নালা বদ্ধ হওয়া একটি বড় কারণ হওয়ায় তাৎক্ষণিকভাবে এটি চিহ্নিত করে ঘনবসতিপূর্ণ এলাকায় বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে।